'ভারতের নতুন দালাল হতে চায় বিএনপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতারা বলেছেন, ভারতের নতুন দালাল হতে চায় বিএনপি। সে জন্যই তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ পাওয়ার জন্য আকুতি-মিনতি করেছে।
গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানচিত্র প্রতিষ্ঠা করেছিলেন। সমঝোতার ভিত্তিতে ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে বঙ্গকন্যা শেখ হাসিনার হাতে সেই মানচিত্র পূর্ণতা পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিটমহল চুক্তি করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সমঝোতার ভিত্তিতে সেই চুক্তি বাস্তবায়ন করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি ছিল। কিন্তু সেই বৈঠক তিনি হরতাল ডেকে বাতিল করেন। অথচ সেই বিএনপি আজ মোদির সাক্ষাৎ পাওয়ার জন্য আকুতি-মিনতি করেছে।