'ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে'
বাংলাদেশ ও ভারতের সরকারগুলোর মধ্যে শুধু সুসম্পর্ক থাকলে চলবে না, দুই দেশের জনগণের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। তবেই এই দুই দেশের মৈত্রী স্থায়ী রূপ নেবে।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সপ্তম কাউন্সিল উপলক্ষে গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। কাউন্সিলে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কের উন্নয়ন হলেই কেবল দুই দেশের সম্পর্ক স্থায়ী হবে।
বিশেষ অতিথি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এখন এই দুই দেশের সম্পর্ক বন্ধুতা ও নির্ভরতার। সম্মানিত অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে ইতিবাচক।
মৈত্রী সমিতির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্যসচিব সুবীর কুশারীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।