'ভার্চ্যুয়াল' জগতে জঙ্গিদের আনাগোনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন শুধু নিজের দেশের নিরাপত্তা নিশ্চিত করাই যথেষ্ট নয়, অন্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগও খুব গুরুত্বপূর্ণ। কারণ জঙ্গিদের ‘ভার্চ্যুয়াল জগতে’ উপস্থিতি থাকতে পারে। এই উপস্থিতি কোনো সীমানা মানে না।
গতকাল রোববার সকালে রাজধানীর একটি হোটেলে ১৪ দেশের পুলিশপ্রধানদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিন দিনব্যাপী ওই আন্তর্জাতিক সম্মেলনের গতকাল ছিল প্রথম দিন। বাংলাদেশ পুলিশ ও ইন্টারপোল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে। ‘উগ্র সন্ত্রাসবাদ ও আন্তদেশীয় অপরাধ নির্মূলে আঞ্চলিক সহযোগিতা’ বিষয়টিকে মূল প্রতিপাদ্য ধরে ১৪ মার্চ মঙ্গলবার পর্যন্ত সম্মেলন চলবে।
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘ওয়ান টু ওয়ান কমিউনিকেশন’ চায়, যাতে করে প্রয়োজনমতো সবাই সব তথ্য আদান-প্রদান করতে পারে। তিনি বলেন, আন্তদেশীয় অপরাধ ও সন্ত্রাস দমনে অভিজ্ঞতা এবং তথ্য বিনিময়ের মাধ্যমে এই সম্মেলনে একটি সমন্বিত কৌশল প্রণয়ন করা হবে। এ ছাড়া পুলিশপ্রধানদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য একটি প্ল্যাটফর্ম গঠন করা হবে। দক্ষিণ এশীয় অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পেশাগত ও কৌশলগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা নিশ্চিত করাও এই সম্মেলনের লক্ষ্য।
ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জারগেন স্টক উদ্ভূত পরিস্থিতিতে দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেন। তিনি বলেন, এক দেশের অস্ত্র ও জঙ্গি অন্য দেশের মানুষ হত্যায় ব্যবহৃত হতে পারে। তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর ইন্টারপোল তথ্য দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছে।
প্রথম অধিবেশন শেষে একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে কথা বলেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও জারগেন স্টক। জারগেনের কাছে প্রশ্ন ছিল, বিরোধী দলকে দমন-পীড়নের জন্য সরকার ইন্টারপোলের কাছে তথ্য সহযোগিতা চেয়ে থাকে এমন অভিযোগ আছে। জবাবে জারগেন বলেন, প্রতিটি তথ্য প্রদানের সময় তাঁরা পুরো প্রক্রিয়া মূল্যায়ন করে থাকেন। অভিযোগটি অসত্য।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশের অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান বক্তব্য দেন।
সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন। এ ছাড়া ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগ্রামসহ (আইসিআইটিএপি) বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দিয়েছেন।
আফগানিস্তানের সিনিয়র ডেপুটি মিনিস্টার ফর সিকিউরিটি আবদুল রহমান, মালয়েশিয়ার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ খালিদ আবু বকর, মিয়ানমার পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল মাইও সি উইন, শ্রীলঙ্কার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ পুজিৎ সেনাদি বান্দরা জয়াসুন্দারাসহ ৫৮ জন বিদেশি অতিথি সম্মেলনে অংশ নেন।
তিন দিনের এই সম্মেলনে ১৪টি কর্ম অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করবেন। জঙ্গিবাদ দমন, মানব পাচার, অর্থনৈতিক অপরাধ ও সন্ত্রাসী অর্থায়ন, মাদকদ্রব্য পাচার রোধ, অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধ, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে।