'ভালুকায় বিস্ফোরণ গ্যাস-সংযোগ থেকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণ ঘটেছে এই বাড়িতে। ভালুকা, ২৫ মার্চ। ছবি: আনোয়ার হোসেন
ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণ ঘটেছে এই বাড়িতে। ভালুকা, ২৫ মার্চ। ছবি: আনোয়ার হোসেন

ত্রুটিযুক্ত গ্যাস-সংযোগ থেকে ময়মনসিংহের ভালুকায় গতকাল শনিবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে পুলিশ। 

একটি ছয়তলা বাড়ির তৃতীয় তলায় গতকাল মধ্যরাতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং একই বিশ্ববিদ্যালয়ের আরও তিন শিক্ষার্থী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
গ্যাস-সংযোগ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করলেও পুলিশ এ ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা বা নাশকতার বিষয়টিও খতিয়ে দেখছে।
গতকালের বিস্ফোরণে নিহত হন তাওহীদুল ইসলাম (২৩)। তাঁর বাড়ি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার শাজাহানপুর গ্রামে। দগ্ধ ব্যক্তিরা হলেন মাগুরা জেলার শালিখা উপজেলার দীপ্ত সরকার (২৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়ি গ্রামের শাহীন মিয়া, নওগাঁ জেলার মান্দা উপজেলার ফিটগ্রামের মো. হাফিজুর রহমান (২৩)। হতাহত ব্যক্তিরা প্রত্যেকেই খুলনার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাঁরা ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত স্কয়ার ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় ইন্টার্নি কোর্স করছিলেন।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ওই ঘরটিতে অবৈধ গ্যাস-সংযোগ ছিল। ওই সংযোগে ত্রুটি থাকায় গ্যাস লিক আউট হয়ে চেম্বার সৃষ্টি করলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই বাড়িটিতে অবৈধ গ্যাস-সংযোগ ছিল বলে খোঁজ নিয়ে পুলিশকে নিশ্চিত করে। পুলিশ সুপার আরও বলেন, গ্যাস বিস্ফোরণ থেকে দুর্ঘটনা ঘটলেও পুরো বিষয়টি ঘিরে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

বিস্ফোরণ ঘটা ওই বাড়িটির নাম আরএস টাওয়ার। আনুমানিক তিন মাস আগে বাড়িটির নির্মাণকাজ শেষ করা হয়। ১০ দিন আগে ওই বাড়ি তৃতীয় তলার একটি ইউনিটি ভাড়া নেন ওই চার শিক্ষার্থী। আজ রোববার ওই বাড়ির একটি ইউনিটের বাসিন্দা, প্রতিবেশী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে কথা জানা যায়, শক্তিশালী বিস্ফোরণে তৃতীয় তলার এক পাশের দেওয়ার ধসে পরে। দেয়াল ধসে পড়ার সময় দগ্ধ তিন শিক্ষার্থী পাশের একটি টিনশেড বাড়ির চালে ছিটকে পড়েন। পরে আশপাশের বাসিন্দারা ওই তিনজনকে উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ভালুকা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণ হওয়া ইউনিটের একটি ঘর থেকে তাওহীদুলের লাশ উদ্ধার করে। ঘটনার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রাখেন। আজ সকালে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে আলামত সংগ্রহ করার পর ঘরটিতে সংবাদকর্মীদের যাওয়ার অনুমতি দেয় পুলিশ।
আজ বাড়িটিতে গিয়ে দেখা যায়, বিস্ফোরণ হওয়া ওই কক্ষের চারটি দেয়াল ভেঙে গুঁড়িয়ে গেছে। এ ছাড়া ছয়তলা বাড়ি প্রত্যেক তলার ঘরের কাচের জানালা ভেঙে পড়েছে। বিস্ফোরণে জানালার কাচের টুকরা কমপক্ষে ৪০০ মিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে রয়েছে।

বিস্ফোরণের ফলে কক্ষের চারটি দেয়াল ভেঙে গুঁড়িয়ে গেছে। ছবি: প্রথম আলো
বিস্ফোরণের ফলে কক্ষের চারটি দেয়াল ভেঙে গুঁড়িয়ে গেছে। ছবি: প্রথম আলো

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আরও জানান, বিস্ফোরণের পর পরই ওই কক্ষে প্রবেশ করে বোমার কোনো আলামত পাওয়া যায়নি। পুলিশ ঘটনার শুরুতে জঙ্গি আস্তানা সন্দেহ করলে ওই ঘরে জঙ্গি সম্পৃক্ততার কোনো আলামত পাওয়া যায়নি। গতকাল দুপুরে বিস্ফোরণ হওয়া কক্ষে দেখা যায়, দুটি লাগেজে জামাকাপড়। পাশে রসায়নের পাঠ্যবই।
তিতাস গ্যাস কোম্পানির ভালুকা কার্যালয়ের উপব্যবস্থাপক আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়িটি অবৈধ গ্যাস-সংযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হবে।
স্কয়ার ফ্যাশন লিমিটেডে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ওই চারজন ১১ মার্চ থেকে ইন্টার্নি শুরু করেন। স্কয়ার ফ্যাশনের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আগামী ৫ এপ্রিল তাঁদের ইন্টার্নি শেষ হওয়ার কথা ছিল।