'ভালো হোক মন্দ হোক সংবাদ সত্য হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়েস অব আমেরিকার (ভোয়া) বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেছেন, ‘সংবাদ ভালো হোক মন্দ হোক, সত্য হতে হবে। ভোয়া সেটিই অনুসরণ করছে।’
গতকাল বুধবার ধানমন্ডিতে ইএমকে সেন্টার অ্যান্ড চেঞ্জ মেকার্স আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তরুণ সাংবাদিকদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে রোকেয়া হায়দার ৪০ বছরের সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান।
সম্প্রতি বাংলাদেশের সম্প্রচার নীতিমালা সম্পর্কে রোকেয়া হায়দার বলেন, ‘সম্প্রচার নীতিমালা হলেই হয় না। আবার হুট করে কারও নিন্দা করা যায় না। তাই নীতিমালার জন্য যাঁরা অভিজ্ঞ, তাঁদের নিয়ে কমিটি গঠন করা যেতে পারে।’
নেতিবাচক বিষয় নিয়ে কম চিন্তা করার আহ্বান জানান ভোয়ার বাংলা বিভাগের প্রথম বাংলাদেশি নারীপ্রধান রোকেয়া হায়দার। তিনি বলেন, ‘নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে কাদা-ছোড়াছুড়ি হয়। কিন্তু নির্বাচন শেষ হতেই পরাজিতরা বিজয়ীকে অভিনন্দন জানান। বাংলাদেশে এটি গড়ে ওঠেনি। দক্ষিণ এশিয়ার মানসিকতাই এমন। তাই নেতিবাচক চিন্তা কাটিয়ে উঠতে পারলে ভালো।’
বিশ্বায়নের এই যুগে টেলিভিশন, ইন্টারনেটের দাপটে প্রচারমাধ্যম হিসেবে রেডিও টিকে থাকবে বলে মনে করেন রোকেয়া হায়দার। রেডিওকে প্রাণের স্পন্দন উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো মাঝি গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তাঁর কাছে রেডিওই থাকবে, অন্য কিছু নয়। তাই চ্যালেঞ্জের মুখে রেডিওর ভূমিকা থাকবে।’
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন এই খ্যাতিমান সাংবাদিক। তিনি বলেন, ‘বিদেশে গিয়ে বাঙালিরা দেশের প্রতি টান অনুভব করেন। ভোয়ার “মিতালী” অনুষ্ঠানে তাঁদের সেই আন্তরিকতা বোঝা যায়।’