'ভালোবাসা দিবস অভাবী শিশুদের মাঝে বিলিয়ে দিয়েছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সাড়ে চার শ। এর মধ্যে অভাবের কারণে বিভিন্ন শ্রেণির ৩০জন শিক্ষার্থী এ বছর স্কুলের পোশাক কিনতে পারেনি। এ জন্য তারা স্কুলে অনিয়মিত হয়ে পড়েছিল। তাই আজ রোববার বিশ্ব ভালোবাসা দিবসে ওই শিক্ষার্থীদের জন্য স্কুলের নতুন পোশাক উপহার দেন ওই এলাকার আলোচিত নারী জয়গুন বেগম।

আজ সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের হাতে পোশাক তুলে দেন অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কুদ্দুসুর রহমান।
জয়গুন ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিরও সদস্য। পোশাক উপহার দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ বছর বিশ্ব ভালোবাসা দিবস পালন উপলক্ষে আমার মনে হলো ভালোবাসাতো শুধু ব্যক্তিগত সম্পর্কের মধ্যে আটকে রাখার বিষয় নয়। আমার মনে হয়েছে স্কুলে যেসব দরিদ্র শিক্ষার্থী আছে, যাদের পয়সা নেই স্কুলের নির্ধারিত পোশাক কেনার, তাদের আমি পোশাক দেব। স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে আমি ৩০ জন অভাবী শিক্ষার্থীর একটি তালিকা সংগ্রহ করি। তারপর দরজিকে নিয়ে এসে সবার মাপ নিয়ে তাদের পোশাক বানিয়ে দিই। এ বছরের ভালোবাসা দিবস আমি নিজেকে অসহায় হতদরিদ্র শিশুদের মাঝে বিলিয়ে দিয়েছি।’
জয়গুন বলেন, মনের তাগিদ থেকে ঋণ নিয়ে পোশাকের ব্যবস্থা করেছেন তিনি।
ফরিদপুর সদর উপজেলায় জয়গুন একটি পরিচিত নাম। ২০১২ সালে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন জয়গুন বেগম। শিক্ষা অর্জনের জন্য ভর্তি হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। প্রশিক্ষণ নিয়ে মাইক্রোবাস চালানো শিখেছেন। নারী ঠিকাদার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জয়গুন বাল্যবিবাহ রোধে এলাকায় কাজ করছেন। ২০১৪ সালে তিনি ‘জয়িতা’ পুরস্কার পান।
কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘১৯৬২ সালে স্থাপিত হয় এই স্কুল। আমার জানা মতে, এ জাতীয় একটি মহৎ উদ্যোগ এই প্রথমবারের মতো নেওয়া হলো। জয়গুনের জন্য আমার স্কুলের শিশুরা পোশাক পেল।’
স্কুলের জন্য নতুন পোশাক পেয়ে দারুণ উচ্ছ্বসিত হয়েছে ওই ৩০ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
পোশাক পেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সুমাইয়া বলে, ‘আজ আমি পোশাক পেয়েছি। এখন থেকে নিয়মিত ক্লাস করব।’
ওই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র শাকিলের বাবা একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। শাকিলের মা সুফিয়া বেগম বলেন, ‘খুব খুশি হয়েছি আমার ছেলে স্কুলের নতুন পোশাক পেয়েছে। আর ওর মুখে স্কুলে না যাওয়ার বায়না শুনতে হবে না।’
প্রসঙ্গত গত বছর ১৫ মার্চ দৈনিক প্রথম আলোতে ‘একজন জয়গুনের কথা’ শিরোনামে জয়গুনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।