'ভালোবাসায় আবার সচল হোক প্রিয়জনের হুইলচেয়ারটি'

বাবা, মা বা অন্য কোনো আত্মীয় মারা গেছেন, তাঁর ব্যবহার করা হুইলচেয়ারটা চোখের সামনে থেকে শুধু কষ্টই বাড়াচ্ছে। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি হুইলচেয়ারের অভাবে রোগীর আত্মীয়স্বজন প্রায়ই কোলে করে রোগীদের স্থানান্তর করছেন। অনেক সময় হুইলচেয়ার পেতে টাকাও খরচ করতে হয়। দরিদ্র রোগীদের সে সামর্থ্যও থাকে না।
প্রিয়জনের হুইলচেয়ারটি তো এই রোগীদের কষ্ট কিছুটা হলেও কমাতে পারে—এই ধরনের চিন্তা থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকজন তরুণ মিলে গত ১৮ ডিসেম্বর শুরু করেন ‘ভালোবাসায় আবার সচল হোক প্রিয়জনের হুইলচেয়ারটি’ নামের একটি ইভেন্ট। আর এই উদ্যোগের অংশ হিসেবেই কাল রোববার বেলা ১১টায় ১০টি হুইলচেয়ার ঠাঁই পাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে। এতে সহায়তা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতি। আর ফেসবুক ব্যবহারকারী তরুণেরা হুইলচেয়ার বিতরণের মধ্য দিয়েই নতুন বছরকে স্বাগত জানাবেন। আর এ ইভেন্টের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ।
‘ভালোবাসায় আবার সচল হোক প্রিয়জনের হুইলচেয়ারটি’ ইভেন্টের অন্যতম উদ্যোক্তা সৈয়দ সাইফুল আলম। তিনজন প্রবাসী তরুণও এগিয়ে এসেছেন।
আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে বসে কথা হলো সৈয়দ সাইফুল আলম ও ইতালিপ্রবাসী রুমানা আফরোজের সঙ্গে।
সাইফুল আলম বলেন, ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল প্রিয়জনের ফেলে রাখা হুইলচেয়ারটি যদি কেউ দিতে চান, তা সংগ্রহ করা হবে। তবে অনেকে নতুন হুইলচেয়ারও কিনে দিয়েছেন। যাঁরা দিয়েছেন, তাঁদের অনেকে নিজেদের নাম প্রকাশ করতে চাননি। ফলে যাঁরা নাম প্রকাশ করতে চাননি, তাঁদের দেওয়া হুইলচেয়ারের নাম মুক্তিযোদ্ধা তারামন বিবি, কাঁকন বিবি বা অন্য কোনো নাম দেওয়া হয়েছে।
কানাডাপ্রবাসী জেড আই এন ইসলাম দিয়েছেন তিনটি হুইলচেয়ার। আইনজীবী আরিফ বিল্লাহ দিয়েছেন তিনটি হুইলচেয়ার। এভাবে হুইলচেয়ারের সংখ্যাটা বাড়ছে। আপাতত ১০টি বিতরণের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে।
খয়রুল কবীর ক্যানসারে মারা গেছেন। তাঁর মেয়ে একটি হুইলচেয়ার দিয়ে বলেছেন, হুইলচেয়ারটি যেন ঢাকা মেডিকেলের ক্যানসার বিভাগের রোগীদের জন্য দেওয়া হয়। শফিকুল আজিজ জার্মানি থেকে নতুন একটি হুইলচেয়ার এনেছিলেন, তা দিয়েছেন ঢাকা মেডিকেলের রোগীদের জন্য।
সাইফুল ইসলাম ডব্লিউবিবি ট্রাস্ট নামের একটি বেসরকারি সংগঠনে কর্মরত। তিনি বলেন, তাঁর বাবা যখন স্ট্রোক করেন, তখন তিনিসহ তাঁর দুই ভাইয়ের একজনও বাসায় ছিলেন না। বাসায় শুধু মা ও বোন ছিলেন। আশপাশের কেউ এগিয়ে আসেননি। আর্থিক অবস্থা তখন খারাপ ছিল। মা ও বোন চাইলেও কোনো হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বলা যায়, বাবা মারা যান বিনা চিকিৎসায়।
সাইফুল তাই সব সময় চেষ্টা করেছেন মানুষকে সহায়তা করতে। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো রোগী এলে বা রাস্তাঘাটে কেউ বিপদে পড়লে তাঁর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন সাইফুল। ছোটেন ঢাকা মেডিকেলে। সেখানে বিনা মূল্যে চিকিৎসার জন্য চিকিৎসকদের কাছ থেকে পান সার্বিক সহায়তা। পরিবারে মা ও অন্য সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার পাশাপাশি যে প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখান থেকেও নেই কোনো বিধিনিষেধ।
রুমানা আফরোজ পরিবারের সঙ্গে ১৮ বছর ধরে ইতালি আছেন। তিনি পেশায় মার্চেন্ডাইজার। বাংলাদেশে এক ভাই থাকেন। প্রায় প্রতিবছরই দেশে আসেন রুমানা। ফিরে যাবেন ২২ জানুয়ারি।
রুমানা আফরোজ বলেন, ‘প্রতিবারই দেশে আসি, বিভিন্ন জায়গায় দাওয়াত খাই, তারপর চলে যাই। এবার ভাবছিলাম দেশের জন্য যদি কিছু একটা করতে পারি। তারপর ফেসবুকে ইভেন্টটা দেখে যুক্ত হই।’ রুমানা আরও বলেন, ‘আমি মনে করি, আমার কাজ দেখে প্রবাসীদের মধ্যে একজন-দুজনও যদি দেশের জন্য কিছু একটা করার জন্য উৎসাহিত হন, তা-ও কিন্তু কম না।’