‘ভালো কাজের নেতা হতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাড়িতে কখনো নিজের কাজ নিজে করিনি, এখানে এসে সব কাজই নিজেকে করতে হচ্ছে। সময়মতো ঘুম থেকে ওঠা, খাওয়াসহ এখানকার সবাই সব কাজ নিজে করছি। কেউ না পারলে আমরা তাদের শিখিয়ে দিচ্ছি। এখান থেকে ফিরে গিয়েও একইভাবে চলার চেষ্টা করব। যে বন্ধুরা এখানে আসেনি তাদেরও বলব আমাদের মতো হতে।’গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরিতে আসা ঝিনাইদহের হরিণাকুণ্ড মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট আহাম্মেদ মোস্তাফিজ এভাবেই প্রথম আলোর কাছে তার অভিব্যক্তি জানায়।কুয়াকাটা সাব ক্যাম্পের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট নেতা চতুর্থ শ্রেণীর ছাত্র খালিদ আহাম্মেদ জানায়, ‘এখানে এসে কাব স্কাউটদের নেতা হয়েছি। তাই আমরা যেকোনো বাধা পেরিয়ে ভালো কাজের নেতা হতে চাই।’ শুধু খালিদ নয় তার মতো প্রায় সব কাব স্কাউট এখান থেকে নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে চায়। কাব ক্যাম্পুরির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—‘সকল বাধা পেরিয়ে যাবো’।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওয়াল পরগনার গজারি বনে ঘেরা মৌচাকের স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে গত বুধবার থেকে শুরু হয়েছে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরি। কাব স্কাউটদের চারটি ভিলেজে ভাগ করা হয়েছে। ভিলেজ গুলো হচ্ছে, সৈয়দ নজরুল ইসলাম ভিলেজ, তাজউদ্দিন আহাম্মেদ ভিলেজ, ক্যাপ্টেন মনসুর আলী ভিলেজ এবং এ এইচ এম কামরুজ্জামান ভিলেজ। চারটি ভিলেজের আওতায় ১২টি সাব ক্যাম্প রয়েছে। সাব ক্যাম্পগুলো হচ্ছে, কুয়াকাটা, সেন্ট মার্টিন, শিলাইদাহ, কেওক্রাডং, পানাম সিটি, নিঝুম দীপ, রামসাগর, বিরিসিরি, মুজিবনগর, সোনামসজিদ, হিরন পয়েন্ট ও মাধবকুণ্ড।গতকাল বৃহস্পতিবার কাব স্কাউটদের সকাল থেকে ভিলেজভিত্তিক বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান হয়। এর মধ্যে সৈয়দ নজরুল ইসলাম ভিলেজ কার্নিভালে কাবরা তাদের নিজেদের অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতি ও পোশাক তুলে ধরেছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন।সৈয়দ নজরুল ইসলাম ভিলেজের কাবরা অংশ নেয় উৎসব নামের প্রোগ্রামে। উৎসব অনুষ্ঠানে শিশুতোষ চলচিত্র প্রদর্শনী, চিল্ড্রেন ফেস্টিভালে গ্রামীণ আবহ তৈরি করে তুলে ধরা হয় বিভিন্ন লোকজ ঐতিহ্য।