'ভালো ছাত্র, কিন্তু কাজে লাগালে বিপর্যয়'
পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে যাঁরা যোগ দেন, তাঁদের বেশির ভাগই ভালো বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল করে আসেন। কিন্তু সংশ্লিষ্ট কাজ সম্পর্কে ধারণা না থাকায় শুরুতে তাঁদের কাজে লাগালে রীতিমতো বিপর্যয় ঘটে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘ফোরাম অন ইন্টারন্যাশনাল এডুকেশন ফর গ্লোবাল সিটিজেনস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)। অনুষ্ঠানে বিশ্বের সঙ্গে তাল মেলাতে দেশের বিদ্যমান শিক্ষাসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন, দেশের শিক্ষা কারিকুলামের সঙ্গে আন্তর্জাতিক কারিকুলামের সংগতি আনা এবং আন্তর্জাতিক শিক্ষা কীভাবে বাংলাদেশে বিশ্ব নাগরিক গড়ে তুলতে সাহায্য করতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।
শহীদুল হক বলেন, ‘শিক্ষাব্যবস্থায় পরিবর্তন প্রয়োজন। শুধু উচ্চশিক্ষায় না, নিম্নস্তরের দিকেও পরিবর্তন প্রয়োজন। অনেকে বুয়েট থেকে পাস করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। দেখা যায়, তাঁরা ম্যাথে খুব ভালো। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে ইউজলেস (অকাজের)। তাঁদের ভালো কূটনীতিক বানাতে প্রশিক্ষণ দিতে হয়। আমাদের শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তন হতে হবে।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘শিক্ষাব্যবস্থা শুধু ভবিষ্যতে চাকরি পাওয়ার জন্য নয়। একজনকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষাব্যবস্থার মাধ্যমে। আমাদের দেশে ক্রিটিক্যাল থিংকিংয়ের (বিশ্লেষণধর্মী ভাবনা) সুযোগ নেই। আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষককে প্রশ্ন করার সুযোগ দেয় না।’ তিনি বলেন, ‘যাঁদের বিশ্লেষণধর্মী ভাবনার ক্ষমতা, মানিয়ে নেওয়ার এবং উদ্ভাবনী দক্ষতা রয়েছে, তাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, একেডিএনের রেসিডেন্ট ডিপ্লোমেটিক রিপ্রেজেনটেটিভ মুনির এম মেরালি প্রমুখ।