দেশ-বিদেশ থেকে আসা বিভিন্ন বয়সের প্রাক্তন ছাত্রদের শৈশব-কৈশোরের সোনালি দিনগুলোর স্মৃতিচারণা ও চুটিয়ে আড্ডার মধ্য দিয়ে শেষ হলো নারায়ণগঞ্জ হাইস্কুলের ১২৫ বছর পূর্তি উৎসব। গতকাল শনিবার ছিল উৎসবের সমাপনী দিন।গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের মাঠে স্থাপন করা মঞ্চে উঠে একে একে স্মৃতিচারণা করেন প্রাক্তন ছাত্ররা। স্মৃতির মণিকোঠা হাতড়ে তুলে ধরেন পুরোনো দিনগুলোর নানা টুকরো স্মৃতি। বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করা, পড়া শিখে না আসার কারণে পেছনের বেঞ্চে মাথা নিচু করে বসে থাকা, ডানপিটেমিসহ আনন্দ-বেদনায়ভরা নানা ঘটনার কথা। বহু দিন পর ছোটবেলার প্রিয় স্কুল ও বন্ধুকে কাছে পেয়েও আবার ছেড়ে যেতে হবে, এ কারণে অশ্রুসজল হয়েছেন অনেকে। বন্ধুর গলা জড়িয়ে ধরে কেঁদে বলেছেন, ‘ভালো থাকিস বন্ধু, আবার দেখা হবে এই প্রাণের স্কুলে। তখন আরও আড্ডা জমাব, আনন্দ করব।’ স্কুলের প্রাক্তন ছাত্র ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিবাজী চক্রবর্তী বলেন, ‘এই স্কুল আমার ভেতরে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। সেই আত্মবিশ্বাস ও ভালোবাসার টানে ছুটে এসেছি প্রাণের স্কুলে। কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারেনি।’সাবেক ছাত্র নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবির বলেন, ‘আমরা যারা পড়াশোনা করে স্কুল অতিক্রম করেছি, যোগ্য হয়েছি, তাতে শুধু আমার পরিবারের অবদানই নেই, এতে দেশ ও সাধারণ মানুষেরও অবদান রয়েছে। তাদের কাছে দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার বোধ সৃষ্টি করেছে আমার স্কুল। এখনকার শিক্ষার্থীদের মধ্যেও এই দায়বদ্ধতার বোধ সৃষ্টি করতে হবে।’ এ ছাড়াও স্মৃতিচারণা করেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার স্বামী অধ্যাপক শফিক সিদ্দিকী, সাংস্কৃতিকব্যক্তিত্ব রফিউর রাব্বি, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, কাশেম জামাল, কাশেম হুমায়ুন, রেজাউর রহমান, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির পর আবার স্মৃতিচারণা ও আড্ডা শুরু হয়। বিকেল থেকে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি নারায়ণগঞ্জ হাইস্কুলসহ বিভিন্ন স্কুলের উন্নয়নে প্রাক্তন ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান, নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র সেলিনা হায়াত আইভী। সমাপনী অনুষ্ঠান শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।