'ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের'
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের আঞ্চলিক অধিনায়ক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার বলেছেন, কেবল ভালো ফল অর্জন করা নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, সে জন্য অভিভাবক ও শিক্ষকদেরও ভূমিকা পালন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় লেকার্স পাবলিক স্কুল ও কলেজের নবনির্মিত ‘মেজর জেনারেল আহসান নাজমুল আমিন অডিটোরিয়াম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী দিনে তোমরাই দেশ পরিচালনা করবে। তোমাদের প্রত্যেককে মেধাবী ও ভালো মানুষ হতে হবে।’ অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার ছেলে বা মেয়ে কোথায় যায়, কার সঙ্গে মেশে, কী করে, তা খেয়াল রাখবেন। তারা যেন খারাপ কোনো কিছুর সঙ্গে জড়িয়ে না পড়ে।’
লেকার্স পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ এম এ মতিন বলেন, সেনাবাহিনী-পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠান শুধু রাঙামাটি নয়, তিন পার্বত্য জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেদের অবস্থান করে নিয়েছে। এই বিদ্যাপীঠে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলাসহ সৃজনশীল কাজেও যাতে শিক্ষার্থীরা যুক্ত থাকে, তা নিশ্চিত করার চেষ্টা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিওসির সহধর্মিণী বেগম নাহিদ নায়লা কবির। অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সেনাবাহিনীর রাঙামাটি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মো. মনিরুজ্জামান, রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ।