'ভালো লাগছে...'
‘মন্ত্রী থাকলে আমি হয়তো আসতাম না...বা দুজনেই আসতাম। কিন্তু মূল কথাটা উনিই বলতেন। আজ এখানে এসে ভালো লাগছে।’ গতকাল শুক্রবার বারডেম হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনায় বক্তৃতা দিতে গিয়ে এমন মন্তব্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের। তবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনিই।
প্রতিমন্ত্রীর এই বক্তব্যে মিলনায়তনে থাকা চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা হেসে ওঠেন। এতে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুতই নিজেকে সামলে নিয়ে তিনি বলতে শুরু করেন, ‘আসলে আমি শুক্রবার কোথাও বেরোই না। সকাল থেকেই নামাজের প্রস্তুতি নিতে শুরু করি।’
তবে স্বল্প সময়ের নোটিশে প্রধান অতিথি হতে রাজি হওয়ায় জাহিদ মালেককে ধন্যবাদ জানান ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্বে আছেন মোহাম্মদ নাসিম। সাধারণত কোনো অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকেই প্রধান অতিথি হিসেবে পেতে চান অয়োজকেরা। একসঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী দুজনকে আমন্ত্রণ জানানো হলে পদমর্যাদার কারণে প্রতিমন্ত্রীকে বিশেষ অতিথি করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কেউ নেচারের (প্রকৃতি) কাছে যেতে চাই না। টাকা-পয়সা হাতে পেলেই ব্যাংকক যাই। আমাদের অনেকেরই খ্যাদ্যাভ্যাস খারাপ। বাংলাদেশের মাটিতে যেখানেই শাকসবজি বুনবেন সেখানেই হবে। আরব দেশে বাঙালিরা শাকসবজি ফলাচ্ছে। প্রচুর শাকসবজি খেতে হবে।’