'ভালো হোইতে চাহি, কে পাশে দাঁড়াইবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত বছর থাইক্যা এই আমগাছতলাতে আছি। মানুষের কাছে হাত পাতছি। আর একদিন দালানঘরে বাস করতুং। কর্ম কইর্যা ভালো খাইতুং। ভালো পোরতুং। হেরোইনের নেশায় পইড়া আজ এই দশা। এই জীবন আর ভালো লাগে না। হামরা ভালো হোইতে চাহি। কিন্তু কে হামারগে পাশে দাঁড়াইবে?’
চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেন খাঁর মোড়সংলগ্ন বাগানের একটি আমগাছতলায় এ কথা বলছিলেন মামুন পারভেজ (৩৮)। এ সময় পাশেই ছিলেন তাঁর ভাই মোমিন আলী (৩৫)। তিনিও হেরোইনে আসক্ত। গত বৃহস্পতিবার কথা হয় তাঁদের সঙ্গে।
ওই দুই ভাই শহরের ফকিরপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। তাঁদের মা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। পরে বাবা আরেকটি বিয়ে করে বাড়ি বিক্রি করে চলে গেছেন। হেরোইনে আসক্ত হওয়ায় বাসা ভাড়া না পাওয়ায় এরপর তাঁরা গাছতলায় থাকা শুরু করেন।
মামুন ও মোমিনের সঙ্গে কথা বলে জানা যায়, মামুন একটি বাসের সুপারভাইজার ছিলেন। মোমিন ছিলেন একই বাসের সহকারী। বাসে কাজ করার সময় প্রথমে গাঁজা, পরে হেরোইনে আসক্ত হয়ে পড়েন তাঁরা। দুজনে একসঙ্গেই মাদক নিতেন। এ কারণে তাঁদের চাকরি যায়। বাড়ি ছেড়ে গাছতলায় আসার পর তাঁদের বউয়েরা তালাক দিয়ে চলে যান। মামুনের দুই সন্তান। তারা খোঁজ নেয় না। শুধু মোমিনের মেয়ে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দেখে যায় তাঁকে। মাঝেমধ্যে খালা-ফুপুরা খাবার নিয়ে এসে দেখে যান। তাঁদের করুণ পরিণতি দেখে চোখের জলও ফেলেন।
এ দুই ভাই জানান, মামুন জ্বালানি সংগ্রহ করতে একদিন গাছে উঠে শুকনা ডাল ভাঙতে গিয়ে পড়ে যান। তখন এক পা ভেঙে যায় তাঁর। সেই ভাঙা পা পুঁজি করে ক্রাচে ভর দিয়ে এখন ভিক্ষা করেন তিনি। এ আয় দিয়ে চলেন দুই ভাই। সারা দিনে তিন বেলা হেরোইনের খরচসহ চলে দুবেলা খাওয়া। রাতের খাবার না খেয়ে অভ্যাস হয়ে গেছে তাঁদের। কোনো দিন আয় না হলে খুব কষ্ট হয়। হেরোইন না পেয়ে অস্থির লাগে।
মামুন পারভেজ বলেন, ১৭ বছর ধরে বিক্রেতাদের কাছ থেকে হেরোইন পেতে তাঁদের সমস্যা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানের সময়ও বিক্রেতারা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঠিকই গ্রহীতাদের কাছে পৌঁছে দেয়। সরবরাহ বন্ধ না থাকার কারণেও মাদকসেবীরা মাদক ছাড়তে পারে না।
কয়েকজন প্রতিবেশী বলেন, এই হাড়কাঁপানো শীতেও দুই ভাই আমগাছতলায় রাত পার করছেন। চারদিক ফাঁকা। কনকনে হিমেল হাওয়া মোকাবিলা করার জন্য যে পলিথিনের ছাউনি দেবেন, তারও অনুমতি নেই জমির মালিকের। অথচ এ গাছতলার একটু দূরে বউ-বাচ্চা নিয়ে দালানের বাসিন্দা ছিলেন দুই ভাই।
মামুন ও মোমিন বলেন, তাঁদের পতনের জন্য দায়ী যে হেরোইন, তা ছাড়তে মাঝেমধ্যে ইচ্ছা জাগলেও পথ জানা নেই। পথ বাতলে দেওয়ারও কেউ নেই। নেই কেউ হাত ধরে পথে তোলার।
জানতে চাইলে বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান গোলাম রাব্বানী বলেন, মাদক নিরাময়ে চিকিৎসা রয়েছে। তবে সবার আগে দরকার সামাজিক সহায়তা ও উদ্বুদ্ধকরণ। পাশাপাশি মাদকের সরবরাহ বন্ধ করা। অনেকে চিকিৎসা নিয়ে ভালো হওয়ার পরও মাদকের সহজলভ্যতার কারণে আবারও আসক্ত হয়ে পড়েন।
এ বিষয়ে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদক নিরাময়ে পুলিশের একটি তহবিল রয়েছে। কেউ আবেদন জানালে তাঁকে সহায়তা দেওয়া হবে।