‘ভালো’ নম্বর দেওয়ার নামে ‘বাণিজ্য’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষা চলছিল তখন। সাচিবিকবিদ্যা (সেক্রেটারিয়েল স্টাডিজ) বিষয়ের ৭০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা। তাতে ‘ভালো’ নম্বর পেতে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক পরীক্ষার্থীদের প্রত্যেককে ৫০০ টাকা করে দিতে বলেন। এর মধ্যে ৪২ জন ৫০০ টাকা ও অন্যরা ২০০ টাকা করে দেন। আর এই তথ্যটি ফাঁস হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর।কারণ, জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী সাচিবিকবিদ্যায় ‘এ-প্লাস’ গ্রেড পাননি। তাঁর ধারণা, ব্যবহারিক পরীক্ষায় তাঁকে কম নম্বর দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে অবস্থিত তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে। এ ব্যাপারে শিক্ষার্থীর অভিভাবক গত ৯ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিযোগ সূত্রে জানা গেছে, তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজে এবারের (২০১১) এইচএসসি পরীক্ষায় সাচিবিকবিদ্যা বিষয়ে পরীক্ষার্থী ছিলেন ১৬৪ জন। এই বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের ব্যবহারিক অংশে মোট নম্বর ছিল ৭০। সাচিবিকবিদ্যার প্রভাষক মো. খলিলুর রহমান পরীক্ষার্থী মাসুম আহমেদকে দিয়ে বিভিন্ন পরীক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করান। অভিযোগে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার আগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ইসরাত জাহানের কাছে প্রথমে ৫০০ টাকা চাওয়া হয়। পরে তিনি ২০০ টাকা দেন। টাকা কম দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকের ইঙ্গিতে তাঁকে কম নম্বর দেওয়া হয়েছে। সে কারণে সাচিবিকবিদ্যায় ‘এ-প্লাস’ মেলেনি। ইসরাতের চাচা মো. নূরুজ্জামান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে লিখিত অভিযোগ দেন।টাকা আদায়কারী মাসুম আহমেদ মুঠোফোনে জানান, ব্যবহারিক পরীক্ষায় ‘ভালো’ নম্বর পাইয়ে দিতে শিক্ষক খলিলুর রহমানের নির্দেশে তিনি ৪২ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করেন। পরে ২১ হাজার টাকা পাশের কুলাউড়া শহরের একটি বাসায় পৌঁছে দেন। মাসুমের ভাষ্যমতে, ৪২ জন পরীক্ষার্থীর ব্যবহারিক অংশের প্রতিবেদন ও টাইপ লিখনের সব কাগজপত্র শিক্ষক তৈরি করেছেন। শুধু প্রতিবেদন তৈরিকারী অন্যান্য পরীক্ষার্থী ২০০ টাকা করে দিয়েছেন।সাচিবিকবিদ্যা বিষয়ের প্রভাষক মো. খলিলুর রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। আর মাসুমকে টাকা আদায় করতে আমি কখনো বলিনি। সে এ কাজটা কেন করেছে জানি না।’ তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মুঈজ গতকাল জানান, তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।