‘ভালো’ বিদ্যালয়টির দিকে কারও নজর নেই!
চা-বাগানের ভেতরে আধা পাকা টিনশেডের জরাজীর্ণ একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় ৫০ বছরের পুরোনো এটি। এখানে চা-শ্রমিক পরিবারের সন্তানেরা লেখাপড়া করে। লেখাপড়া ও পরীক্ষার ফলাফলে এর সুখ্যাতি আছে। অথচ শ্রেণীকক্ষ, শিক্ষক-সংকটসহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এই চিত্র মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্র জানায়, সাগরনাল চা-বাগান কর্তৃপক্ষের উদ্যোগে ১৯৬৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। তারা দরিদ্র চা-শ্রমিক পরিবারের সন্তান। শিক্ষক-শিক্ষিকা আছেন তিনজন।গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে বেশ কিছু গবাদিপশু শিক্ষাপ্রতিষ্ঠানটির বারান্দাসহ শ্রেণীকক্ষে আশ্রয় নিয়েছে। প্রায় ৬০ ফুট দৈর্ঘ্যের শিক্ষাপ্রতিষ্ঠানটির দেয়াল ও মেঝেতে ফাটল ধরেছে। দরজা-জানালা ভাঙা। নলকূপ নেই। ডেস্ক-বেঞ্চ অপর্যাপ্ত। আলাদা শ্রেণীকক্ষের ব্যবস্থা নেই। এক কক্ষেই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে। একজন সহকারী শিক্ষক পাঠদান করছেন। সহকারী শিক্ষক মহেষ লাল গোয়ালা জানান, প্রধান শিক্ষিকা পাপড়ি দেব পারিবারিক কাজে বাড়িতে চলে গেছেন। আরেক সহকারী শিক্ষক দীপ্তি যাদব কর্তৃপক্ষের নির্দেশে কিছুদিন ধরে বাগানের প্রশাসনিক কার্যালয়ে প্রেষণে কাজ করছেন। তাই তাঁকে একাই সবকিছু সামলাতে হচ্ছে। এখানে পাঠদান করে তিনি চা-শ্রমিকদের মতো দৈনিক ৪৮ টাকা মজুরি পান।মহেষ জানান, বিভিন্ন সমস্যা থাকলেও তাঁরা পাঠদানে যত্নশীল। শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পায়। পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায়ও ভালো ফলাফল হয়।পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুমু (১০) বলে, ‘স্যার-ম্যাডাম তো কম। আরও থাকলে ভালো হইত।’ স্থানীয় একাধিক অভিভাবকের ভাষ্যমতে, আশপাশে কয়েকটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। কিন্তু সেগুলোর চেয়ে সাগরনাল চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার মান তুলনামূলক ভালো।শিক্ষাপ্রতিষ্ঠানটি ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সাগরনাল চা-বাগানের ব্যবস্থাপক হুমায়ুন মজুমদার বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টি সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে না। আমাদের আর্থিক সীমাবদ্ধতাও আছে। সম্প্রতি কিছু ডেস্ক-বেঞ্চ তৈরি করে দিয়েছি। অন্যান্য সমস্যার সমাধানে চেষ্টা চলছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির দুর্দশা স্বচক্ষে দেখেছি। এ ব্যাপারে চা-বাগানের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলব। তাঁরা সুনজর দিলে এটির উন্নয়ন সম্ভব।’