‘ভালো’ সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র বানাবেন নৌমন্ত্রী!
‘ভালো’ সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র বানাবেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। একই সঙ্গে চালক প্রশিক্ষণ কেন্দ্রও তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। একটি পত্রিকার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার ক্ষতিপূরণের ১০ কোটি টাকা দিয়ে নৌমন্ত্রী এসব প্রশিক্ষণ কেন্দ্র বানাবেন।গতকাল শনিবার বগুড়ার চরমাথায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১১তম দ্বিবার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ ঘোষণা দেন। শাজাহান খান বলেন, ‘পত্রিকা মিথ্যা কথা বলে তার প্রমাণ আমি দিচ্ছি।’ তিনি বলেন, ‘আমি নাকি মন্ত্রী থাকা অবস্থায় ১৪ বার বিদেশ সফরে গিয়েছি। আসলে আমি ছয়বার গিয়েছি। এ জন্য যুগান্তর পত্রিকার বিরুদ্ধে আমি মামলা করেছি।’ তিনি বলেন, ‘মানহানির মামলার ১০ কোটি টাকা দিয়ে আমি ভালো সাংবাদিক প্রশিক্ষণ কেন্দ্র ও চালক প্রশিক্ষণ কেন্দ্র বানাব।’নৌমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, ‘আমরা ঘাতক নই, খান সেনাও নই, আমরা জনগণের সেবক হতে চাই।’ তিনি বলেন, ‘সড়ক পরিবহন শ্রমিকদের জন্য একটি সংকটময় মুহূর্ত যাচ্ছে। সড়ক দুর্ঘটনা হলেই শ্রমিকদের এককভাবে দায়ী করা হচ্ছে। বাস-ট্রাকচালকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’এদিকে গত শুক্রবার রাতে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে এক বৈঠকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘চালকেরা ঘাতক নন, তাঁরা জনগণের সেবা করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের ছেলের মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয়, চালকেরা একটা কুকুরও মারতে চান না।’শাজাহান খান বলেন, ‘কেউ এমন কোনো নজির বা দৃষ্টান্ত দেখাতে পারবে না, আমরা বিনা পরীক্ষায় লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছি। যাঁরা পেশাদার চালক, তাঁরা গাড়ি ধুয়ে-মুছে আস্তে আস্তে বড় হন, ওস্তাদের সঙ্গে থাকতে থাকতে দক্ষ চালক হন।’ কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে স্থলবন্দর করার দাবি প্রসঙ্গে নৌমন্ত্রী বলেন, এ মাসের মধ্যেই প্রাগপুরে সরকারের উচ্চপর্যায়ের একটি টেকনিক্যাল দল পাঠানো হবে। তারা যাচাই-বাছাইয়ে উপযুক্ত মনে করলে অবশ্যই সেখানে স্থলবন্দর গড়ে তোলা হবে। জেলার সড়কগুলো মেরামতের ব্যাপারে জানতে চাইলে শাজাহান খান প্রথম আলোকে বলেন, দ্রুত সংস্কারের ব্যাপারে আজ রোববার মন্ত্রিপরিষদের বৈঠকে যোগাযোগমন্ত্রীকে জানাবেন।গতকাল রংপুর টাউন হলে রংপুর বিভাগীয় মোটর মালিক শ্রমিক যৌথ পরিষদ আয়োজিত এক সমাবেশে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, একটি মহল মালিক-শ্রমিকদের জনগণের মুখোমুখি দাঁড় করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকেরাই দায়ী নন। তবু চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। দুর্ঘটনা রোধে আমাদের শপথ নিতে হবে।’