'ভাষাকে মায়ের মতো ভালোবাসতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা জিলা স্কুলে শনিবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের পাবনা আঞ্চলিক উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: হাসান মাহমুদ
পাবনা জিলা স্কুলে শনিবার এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের পাবনা আঞ্চলিক উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: হাসান মাহমুদ

পাবনা জিলা স্কুলে শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ। উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট এক হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার নির্ধারিত সময় ছিল আজ শনিবার সকাল সাড়ে আটটা। এর আগেই শিক্ষার্থীরা স্কুল মাঠে জড়ো হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভরে যায় পুরো প্রাঙ্গণ। প্রতিযোগীদের পাশাপাশি আসেন অভিভাবক ও শিক্ষকেরা। ফলে উৎসবমুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিন, ভাষা উৎসবের পতাকা উত্তোলন করেন শ্রীনগর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল নকীব চৌধুরী।

উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। ছবি: হাসান মাহমুদ
উৎসবে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এই চার বিভাগে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। ছবি: হাসান মাহমুদ

এ সময় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন আব্দুল আলীম ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন প্রথমা প্রকাশনের সমন্বয়ক জাফর আহম্মেদ রাশেদ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আল নকীব চৌধুরী বলেন, ‘বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা। তাই ভাষাকে মায়ের মতো ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে হবে।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের ওপরই এই দেশের দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে হবে।’

জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ভাষা প্রতিযোগ-২০১৭-এর পাবনা আঞ্চলিক উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: হাসান মাহমুদ
জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ভাষা প্রতিযোগ-২০১৭-এর পাবনা আঞ্চলিক উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: হাসান মাহমুদ

উদ্বোধনী অনুষ্ঠানের পর চারটি বিভাগের শিক্ষার্থীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে মূল মঞ্চে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব ও ‘বানান বীর’ নামের মজার প্রতিযোগিতা। এবারের উৎসবে সহযোগিতা করছে গণসাক্ষরতা অভিযান।