‘মাতৃভাষা বাংলাকে রক্ষায় বায়ান্নর ভাষা আন্দোলনে জীবন দিয়েছেন শহীদ রফিক। তাই সরকারিভাবে তাঁর বাড়িতেই নির্মাণ করা হোক শহীদ মিনার। অন্যত্র শহীদ মিনার করার চেষ্টা করা হলে প্রয়োজনে রক্ত দিয়ে এর প্রতিবাদ করা হবে।’কথাগুলো বলেন ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদের জন্মস্থান মানিকগঞ্জের সিঙ্গাইরের পারিল গ্রামের বৃদ্ধ জবেদ আলী। শুধু তিনিই নন, তাঁর মতো এলাকাবাসী ও রফিক উদ্দিনের পরিবারও চায় রফিকের বাড়িতেই সরকারিভাবে শহীদ মিনার প্রতিষ্ঠা হোক।গতকাল মঙ্গলবার সকালে শহীদ রফিক উদ্দিনের গ্রামের বাড়িতে তাঁর পরিবার ও এলাকাবাসী এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শহীদ রফিক উদ্দিনের ছোট ভাই খোরশেদ আলম, আরেক ভাই মৃত আবদুল খালেকের স্ত্রী গুলেনূর বেগম, ভাতিজা হামিদ মিয়া, ভাগনে জাফর ইকবালসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।সম্মেলনে রফিক উদ্দিনের পরিবারের সদস্যরা বলেন, ১৯৮৮ সালে শহীদ রফিকের বাড়িতে তাঁর পরিবার ও এলাকাবাসী ছোট পরিসরে একটি শহীদ মিনার নির্মাণ করে। এই শহীদ মিনারকে কেন্দ্র করেই শহীদ রফিক উদ্দিনের বাড়িতেই এত দিন ধরে চলে আসছে একুশের অনুষ্ঠান ও মেলা। সম্প্রতি জেলা পরিষদের উদ্যোগে শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের পাশে শহীদ মিনার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। শহীদ রফিক উদ্দিনের পরিবার ও কয়েকজন এলাকাবাসী বলেন, শহীদ রফিকের স্মৃতিচিহ্ন মুছে ফেলার পাঁয়তারা হিসেবে স্বাধীনতাবিরোধীরা প্রশাসনকে বিভ্রান্ত করে শহীদ মিনার অন্যত্র সরানোর চেষ্টা করছে। তাঁদের দাবি, শহীদ রফিক উদ্দিনের বাড়িতেই সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করা হোক।শহীদ রফিকের ভাতিজা আবদুর রউফ অভিযোগ করেন, শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চলে আসছে। নিরাপত্তার অভাবে সেখানে বহিরাগত ও স্থানীয় যুবকেরা জুয়া খেলা, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করে আসছে। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা পরিষদের উদ্যোগে শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের পাশে শহীদ মিনার নির্মাণ করার পরিকল্পনা করা হয়। এ জন্য বরাদ্দ ব্যয় ধরা হয়েছে দুই লাখ টাকা। তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন বলেন, শহীদ রফিক উদ্দিনের পরিবার ও এলাকাবাসীর দাবি করা জায়গাতেই শহীদ মিনার নির্মাণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে গোলাম মহিউদ্দিন বলেন, ‘শহীদ রফিক উদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন একজন নিরাপত্তাকর্মী। অসামাজিক কর্মকাণ্ডের বিষয়টি আমার জানা নেই। তবে এ ধরনের কার্যকলাপ চললে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া হবে।