'ভাস্কর নভেরা আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ'
ভাস্কর নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশে আধুনিক ভাস্কর্যের পথিকৃৎ। ভাস্কর্যশিল্পের প্রতি তাঁর ছিল অগাধ ভালোবাসা। ভাস্কর্যকে গভীরভাবে ভালো না বাসলে একজন শিল্পীর পক্ষে এতগুলো কাজ করা সম্ভব ছিল না। রাষ্ট্রের এখন দায়িত্ব ভাস্কর নভেরা আহমেদের শিল্পকর্ম যতটা সম্ভব সংরক্ষণ করা।
গতকাল মঙ্গলবার বিকেলে ভাস্কর নভেরা আহমেদের জন্মতিথি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘নভেরার জন্মতিথি: তাঁর প্রাগ্রসর শিল্পচেতনা ও সৃজন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে নভেরা আহমেদ স্মৃতি সংরক্ষণ পরিষদ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক ও ভাস্কর অলক রায় বলেন, নভেরা আহমেদ সার্বিক অর্থেই শিল্পী ছিলেন। তিনি একই সঙ্গে ভাস্কর্য ও চিত্রকলার চর্চা করেছেন। নভেরা আহমেদের শিল্পকর্মের যথাযথ সংরক্ষণ হয়নি, এটি দুর্ভাগ্যজনক। সরকার ও রাষ্ট্রের দায়িত্ব তাঁর সব শিল্পকর্ম সংরক্ষণ করা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী, সাংবাদিক সৈয়দ আবদুল ওয়াজেদ, দ্য রোমিং ইয়ার্ড অটিজম কেন্দ্রের পরিচালক রিজওয়ানা আলম, নভেরা আহমেদ স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রুহী সফদার প্রমুখ। অনুষ্ঠানে আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন কয়েকটি সংগঠনের সদস্যরা।