‘ভাড়াটে লেখক’-এর বই দিয়ে বাণিজ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে বই সরবরাহ করলেও তাদের ‘ভাড়াটে লেখকে’র বই কিনতেই হচ্ছে। শিক্ষক সমিতি তাদের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের এই বই কিনতে বাধ্য করছে। এসব বই তালিকাভুক্ত করে রাজশাহী শিক্ষক সমিতি এবার প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্য করবে বলে অভিযোগ রয়েছে।তবে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা ইব্রাহিক খলিলুল্লাহ জানান, তিনি এবার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ করে ঘোষণা দিয়েছেন, সরকারি তালিকার বাইরে কোনো বই শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকবে না। প্রতিটি বিদ্যালয় নিজস্ব অর্থায়নে নিজের শিক্ষক দিয়ে প্রশ্ন প্রণয়ন করে পরীক্ষা নেবে। যাতে সমিতি তাদের জিম্মি করতে না পারে।খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বইয়ের পাশাপাশি প্রতিটি শিক্ষক সমিতি প্রতিবছর শিক্ষার্থীদের বাংলা-ইংরেজি ব্যাকরণসহ বাড়তি কিছু বই কিনতে বাধ্য করে। প্রতিবছরই আগের বছরের বই পরিবর্তন করে ‘ভাড়াটে লেখকে’র বই সমিতির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চালানোর বিনিময়ে বইগুলোর প্রকাশকেরা সমিতিকে মোটা অঙ্কের সেলামি দেয়। গত বছর রাজশাহীতে বাংলাদেশ শিক্ষক সমিতি এই চুক্তি করে প্রায় ৪০ লাখ টাকা আয় করে। এবার বইয়ের মূল্য বেশি রাখায় এ টাকা বাড়বে। সমিতি সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিক্ষক সমিতির রাজশাহী শাখার অধীনে প্রায় সোয়া চার শ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের বলা হচ্ছে, সরকার যে বই দিয়েছে তাতে ব্যাকরণের অংশটি পুরোপুরি নেই। সুতরাং সমিতির বই তাদের কিনতে হবে। তা ছাড়া ওই বই থেকেই প্রশ্ন করা হবে।সরকারি বই ছাড়াও শিক্ষক সমিতির সরবরাহ করা বইয়ের তালিকানুযায়ী নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকে গত বছর উচ্চতর বাংলা ব্যাকরণ নামের একটি বই ৩১৫ টাকায় কিনতে হয়েছিল। এবার সে বইটি পরিবর্তন করে অন্য লেখকের ‘ভাষা শিক্ষা বাংলা ব্যাকরণ ও রচনা রীতি’ নামের ৩৯৬ টাকা মূল্যের একটি বই দেওয়া হয়েছে। গত বছর যে ইংরেজি ব্যাকরণ বইটি দেওয়া হয়েছিল তার দাম ছিল ৩১৫ টাকা। এবার সেই বইটি বদলে অন্য লেখকের ৩৬৮ টাকা দামের বই দেওয়া হয়েছে। চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের অভিভাবক সাইদুর রহমান বলেন, তাঁর বড় ছেলে এবার অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছে। ছোটটি অষ্টম শ্রেণীতে উঠেছে। গতবার বড় ছেলের জন্য যে ব্যাকরণ বই কিনেছিলেন, এবার তা আর চলছে না। তাঁকে আবার নতুন করে ব্যাকরণ বই কিনতে হবে। বাংলাদেশ শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পদাক আব্দুল বারি বলেন, অনেক প্রকাশক বই জমা দেয়। তার মধ্য থেকে তাদের কমিটির বাছাই করা বইগুলো নেওয়া হয়। গত বছর প্রকাশকদের সঙ্গে ৪০ লাখ টাকার চুক্তি ছিল। এবার সব বইয়ের দাম গতবারের চেয়ে বেশি রাখা হয়েছে। সেই ক্ষেত্রে প্রকাশকদের সঙ্গে চুক্তির মূল্য বেশি কি না জানতে চাইলে তিনি বলেন, হতে পারে। তবে এই টাকা শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণেই তাঁরা ব্যয় করেন।