'ভিআইপি' গাড়ির চাবি সিবিএ নেতাদের হাতে
গাড়ি নম্বর ঢাকা মেট্রো-চ ১৫-০০১৬৷ সিলেটে জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ের ট্রান্সপোর্ট শাখার সবচেয়ে দামি গাড়ি৷ কেবল ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবহার করেন বলে ‘ভিআইপি গাড়ি’ বলা হয়ে থাকে৷ তবে এ গাড়ির চাবি এখন জালালাবাদ গ্যাসের সিবিএ নেতাদের হাতে৷ আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বহনে এটি ব্যবহার করা হচ্ছে৷
অনুসন্ধােন জানা গেছে, সরকারের নতুন মন্ত্রীদের সিলেট আগমন ও দলীয় সংবর্ধনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বহনে ওই গাড়ি ব্যবহার করা হয়েছে৷ জালালাবাদ গ্যাসের সুপারভাইজার ও সিবিএ সভাপতি আবদুর রহমান ও কম্পিউটার অপারেটর সিবিএর সহসভাপতি আবদুল আউয়াল খান গাড়ির চাবি নিজেদের কাছে রেখে ব্যবহার করছেন৷ অাবদুর রহমান শ্রমিক লীগের সিলেট মহানগর শাখার সভাপতি৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, জালালাবাদ গ্যাসের দাপ্তরিক কাজের জন্য রিকুইজিশন করা ১৪টি মাইক্রোবাস ব্যবহার করা হয়৷ ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি সিবিএর নির্বাচনে আবদুর রহমান সভাপতি নির্বাচিত হওয়ার পর মাইক্রোবাস ব্যবহারের পাশাপাশি ‘ভিআইপি গাড়ি’ ব্যবহার শুরু করেন৷ গত ৫ জানুয়ারি থেকে ওই ‘ভিআইপি গাড়ির’ চাবি তাঁর কাছে রয়েছে৷
সর্বশেষ গত মঙ্গলবার সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগ আয়োজিত অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নানের সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বহনে গাড়িটি ব্যবহার করতে দেখা গেছে৷ এর আগে অর্থ প্রতিমন্ত্রীর একাধিক সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের পরিবহনে ওই গাড়ি ব্যবহৃত হয়৷
গতকাল জালালাবাদ গ্যাসের ট্রান্সপোর্টের মহাব্যবস্থাপক আইনুল হক গাড়িটি ‘ভিআইপি’ বলে নিশ্চিত করেন৷ সিবিএ নেতাদের ব্যবহার ও গাড়ির চাবি তাঁদের কাছে থাকা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ ব্যাপারে কিছু বলা যাবে না৷’
মঙ্গলবার সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) সংবর্ধনাস্থলে ওই গাড়ির ছবি তুলতে গেলে চালক তড়িঘড়ি সেটি সরিয়ে ফেলেন৷ তখন গাড়িচালক বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট আওয়ামী লীগের নেতাদের নিয়ে গাড়িটি এসেছে৷ অবশ্য রাত নয়টায় সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে গাড়িতে জালালাবাদ গ্যাসের সিবিএ নেতা ছাড়া আর কেউ ছিলেন না৷ ওই সময় আবদুর রহমানের মুঠোফোনে ফোন করলে তিনি গাড়িতে করে সুনামগঞ্জ থেকে সিলেট ফিরছেন বলে জানান৷
আবদুর রহমান দাবি করেন, তাঁরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে গাড়ি ব্যবহার করছেন৷ এ ব্যাপারে আবদুল আউয়াল খানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন৷ অাউয়াল গাড়িটি সুনামগঞ্জে সংবর্ধনাস্থলে থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘সাংগঠনিক একটি কাজ ছিল৷’ কী কাজ? এমন প্রশ্নে³আউয়াল বলেন, ‘অর্থ প্রতিমন্ত্রীর কাছে আমাদের কর্মচারীদের চাকরিসংক্রান্ত একটি কাজ৷ আমরা ওই বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে গিয়েছিলাম৷’
জালালাবাদ গ্যাসের ট্রান্সপোর্ট শাখা সূত্র জানায়, ভিআইপি গাড়িগুলো কোনোভাবেই কর্মচারী বা সিবিএ নেতাদের ব্যবহারের সুযোগ নেই৷