কুমিল্লা-৮ (বরুড়া ও সদর দক্ষিণের একাংশ) আসনের আওয়ামী লীগের সাংসদ নাছিমুল আলম চৌধুরী, একই আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ জাকারিয়া তাহের, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ ও বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাউছার আলমের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে। তাঁরা সবাই এই ইউনিয়নের ভোটার। তাই এ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ইউনিয়নের নয় কেন্দ্রের মধ্যে পাঁচটিই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। অনেকে একে সাবেক ও বর্তমান দুই সাংসদের লড়াই বলে বিবেচনা করছেন। প্রচারণায়ও তা তুলে ধরা হচ্ছে। গত বুধবার সরেজমিনে এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ভোটাররা জানান, কাল রোববার বরুড়ার ১৩ নম্বর আদ্রা ইউপির নির্বাচন। এখানে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চারজন। তাঁরা হলেন, বিএনপি-সমর্থিত মো. ফজলুল হক। তাঁর প্রতীক দোয়াত-কলম। আওয়ামী লীগ-সমর্থিত মনজুর হোসেন মজুমদার তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র থেকে আনারস প্রতীক নিয়ে আছেন হোসেন আহমেদ পাটোয়ারী এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন দেয়ালঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।প্রার্থী ফজলুল হক হলেন বিএনপিদলীয় সাবেক সাংসদ জাকারিয়া তাহের ও বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাউছার আলমের ফুফাতো ভাই। অন্যদিকে মনজুর হোসেন মজুমদারকে মনোনয়ন দিয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ নাছিমুল আলম চৌধুরী। তাঁর সঙ্গে রয়েছেন উপজেলা চেয়ারম্যান হাফিজ আহমেদ।মন্দুক গ্রামের ফিরোজ মিয়া বলেন, ‘সন্ত্রাসী প্রার্থীর বিরুদ্ধে এলাকাবাসী রায় দেবে। একই সঙ্গে মামলাবাজের হাত থেকে যিনি রক্ষা করতে পারবেন, তাঁর পক্ষে রায় দেওয়া হবে।’ পেরপেটি গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম বলেন, ‘শুনেছি সরকারদলীয় প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করবে। তবে ভোটকেন্দ্রে যেতে পারলে যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেব।’চেয়ারম্যান পদপ্রার্থী মনজুর হোসেন মজুমদার ইউনিয়নের সোনাইমুড়ী ও মন্দুক ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন। অন্যদিকে ফজলুল হক মন্দুক, আদ্রা, পেরপেটি ও হেরপেটি ভোটকেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন। আরেক চেয়ারম্যান পদপ্রার্থী হোসেন আহমেদ পাটোয়ারী পেরপেটি ভোটকেন্দ্রকে চরম ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন। রিটার্নিং অফিসার ও বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘ওই ইউনিয়নে ১৫ হাজার তিনজন ভোটার রয়েছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই। সব ইউনিয়নেই ভোটের দিন পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। এ ক্ষেত্রে স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ দলসহ বিভিন্ন বাহিনী মোতায়েন থাকবে।’