‘ভিক্ষা চাইনি, একটু সময় চেয়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পা দিয়ে লিখে মাদ্রাসা থেকে দাখিল পাসের পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শারীরিক প্রতিবন্ধী জহিরুল ইসলাম এবার কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও নির্ধারিত তিন ঘণ্টার মধ্যে সব উত্তর সে লিখতে পারেনি। পা দিয়ে এত দ্রুত লেখা সম্ভব নয় বলে জহির হল পরিদর্শকের কাছে পরীক্ষার সময় একটু বাড়ানোর আবেদন জানিয়েছিল।জন্মের কয়েক বছর পরই টাইফয়েডে দুটো হাত অচল হয়ে যায় জহিরের। হাত দুটো শুকিয়ে বাঁশের কঞ্চির মতো হয়ে যায়। তাই পা দিয়ে লেখার অভ্যাস করে সে। পা দিয়ে লিখেই মাদ্রাসা থেকে দাখিল পাস করে। কিন্তু গতকাল বৃহস্পতিবার ফরিদগঞ্জের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিতে এসে বিপাকে পড়ে জহির। দাখিল পাসের পর জহির ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে মানবিক শাখায় ভর্তি হয়। নুইয়ে লিখতে লিখতে জহিরের পিঠের কুঁজ বেড়ে গেছে। কুঁজ বেড়ে যাওয়ায় প্রায়ই তার শরীরে ব্যথা ও জ্বর হয়। এ কারণে গত বছর এইচএসসি পরীক্ষা দিতে পারেনি সে। জহির বলে, ‘আমি তো কোনো ভিক্ষা চাইনি, প্রতিবন্ধী হিসেবে একটু বেশি সময় চেয়েছিলাম। কিন্তু আমার সেই আবেদন মঞ্জুর হয়নি, যে কারণে পা দিয়ে সব উত্তর লেখা সম্ভব হয়নি।’ প্রতিবন্ধীদের সংগঠন চাঁদপুর ডিপিওডির পরিচালক মমতাজ উদ্দীন বলেন, ‘প্রতিবন্ধী হিসেবে জহিরের পরীক্ষার সময় বাড়াতে শিক্ষা বোর্ডে আবেদন করা হয়েছিল। কিন্তু কোনো সাড়া মেলেনি।’