'ভিতরগড় উৎসব' শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভিতরগড়ে কাল শনিবার থেকে শুরু হচ্ছে ‘ভিতরগড় উৎসব-২০১৭’। সপ্তাহব্যাপী এ উৎসবে থাকছে নানা আয়োজন, যার মাধ্যমে এ প্রত্নতত্ত্ব নিদর্শনকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার চেষ্টা চলবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। উৎসবের প্রস্তুতির খুঁটিনাটি জানাতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) প্রত্নতত্ত্ব গবেষণা সেন্টারের পরিচালক শাহনাজ হুসনে জাহান।
সংবাদ সম্মেলনে বলা হয় হয়, পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড়ে আয়োজিত এ উৎসবে থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, পাক্ষী খেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হুলির গান, হাঁস খেলা, বিতর্ক প্রতিযোগিতা, সত্যপীরের গান, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাঠি খেলা।
আয়োজকেরা বলছেন, ঐতিহাসিক ভিতরগড় প্রত্নস্থলের এ আয়োজন ব্যতিক্রম। কারণ, লোক সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় স্থানীয় জনসম্পৃক্তকরণ তথা সমাজভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে উৎসাহী করে তোলা খুব একটা নজরে আসে না। এ ক্ষেত্রে ভিতরগড় উৎসব একটা দৃষ্টান্ত।
পঞ্চগড় জেলা শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে অবস্থিত ভিতরগড়। অষ্টম-নবম শতকে রাজা পৃথুর রাজত্ব ছিল এখানে। রাজপ্রাসাদের কাছেই ছিল বিশাল আয়তনের একটি পুকুর, বর্তমানে যা মহারাজার দিঘি নামে পরিচিত। এ দিঘিতে ঘাটই রয়েছে ১০টি। কথিত আছে, রাজা পৃথু ‘কীচক’ নামের এক জনগোষ্ঠীর দ্বারা আক্রমণের শিকার হয়েছিলেন। তাদের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে রাজা পরিবার-পরিজন ও ধনরত্নসহ এ দিঘিতে আত্মহনন করেন। প্রতিবছর বাংলা নববর্ষে দিঘির পাড়ে মেলা বসে। মেলায় মাঝেমধ্যে ভারতীয় নাগরিকেরাও আসেন।
সংবাদ সম্মেলনে শাহনাজ বলেন, ভিতরগড়ে অষ্টম-নবম শতকে নির্মিত নয়টি স্থাপত্যের ভিত্তি কাঠামো, পরিখা, প্রাচীন ১০টি দিঘি, নানা ধরনের মাটি, লোহা, কাঁসা এবং পাথর নির্মিত বিভিন্ন প্রত্নবস্তু আবিষ্কৃত হয়েছে, যা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ইতিহাসের অমূল্য উপাদান। তাই এ প্রত্নস্থানটি সংরক্ষণে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে তাঁরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন। ‘ভিতরগড় উৎসব-২০১৭’ তারই অংশ। এ আয়োজন ভিতরগড়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তোলার মাধ্যমে একে পর্যটনকেন্দ্র হিসেবে জনপ্রিয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁদের বিশ্বাস।
ইউল্যাব ২০০৮ সালে নিজস্ব অর্থায়নে ভিতরগড় প্রত্নস্থলে গবেষণা ও সংরক্ষণের কাজ শুরু করে। ২০১৩ সাল থেকে এ কার্যক্রমে অর্থায়ন ও সার্বিক সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ভিতরগড় উৎসবেও মন্ত্রণালয় অর্থায়ন করছে।