‘ভিত্তিহীন চার্জশিট দিয়ে সরকার রেহাই পাবে না’
সিলেটের বিশ্বনাথ, দক্ষিণ সুরমা ও জালালাবাদ থানায় দ্রুত বিচার আইনে পৃথক চারটি মামলায় জনপ্রতিনিধিসহ বিএনপির ৫৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) ভিত্তিহীন বলে দাবি করেছেন সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।গতকাল বুধবার সিলেটে বিএনপির ১৩টি উপজেলাসহ ১৭টি সাংগঠনিক কমিটির পক্ষে এক যৌথ বিবৃতিতে বিএনপির নেতারা বলেন, সরকারদলীয় সাংসদের মদদে বিশ্বনাথে বিএনপির ১৮ হাজার নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা, ভিত্তিহীন মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। ভিত্তিহীন চার্জশিট দিয়ে সরকার জনরোষ থেকে রেহাই পাবে না।বিবৃতিতে জেলা বিএনপির সহসভাপতি মোজাহিদ আলী, বিশ্বনাথ বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সিলেট সদর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, বিশ্বনাথ বিএনপির সহসভাপতি সামসুজ্জামান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ময়নুল হকসহ ৫৩৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা ও অভিযোগপত্র প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ১৯টি আসনে আওয়ামী লীগের নিশ্চিত ভরাডুবি জেনে ইলিয়াস আলীকে সরকার তাদের বিশেষ বাহিনী দিয়ে অপহরণ করেছে। ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে না দিলে আওয়ামী লীগের ১৯টি আসনের ভরাডুবি কোনো অপশক্তি রক্ষা করতে পারবে না। বিবৃতিদাতা ১৭টি সাংগঠনিক কমিটি হচ্ছে: সিলেট সদর, বিশ্বনাথ উপজেলা, বালাগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট উপজেলা ও পৌরসভা, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভা, গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা, বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভা।