‘ভিত্তিহীন’ ভিত্তিপ্রস্তর
চারদিকে ধানখেত। মাঝখানে স্তম্ভের মতো একটি স্থাপনা। যাওয়া-আসার জন্য ধানখেতের আল ধরে একটি মেঠোপথও আছে। এই হচ্ছে সিলেটের জকিগঞ্জ পৌর ভবনের ভিত্তিপ্রস্তর। প্রায় এক দশক আগে ওই ভিত্তিপ্রস্তর যেভাবে স্থাপন করা হয়েছিল, সেভাবেই ঠাঁয় দাঁড়িয়ে আছে। নির্বাচনী প্রচারণার ডামাডোলে ভোটারদেরও এ নিয়ে আক্ষেপ তিক্ততার পর্যায়ে গিয়ে পৌঁছে। পৌর এলাকার মাইজকান্দির বাসিন্দা সাজাউর রহমান ধানখেতের পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে দাঁড়িয়ে থেকে ভিত্তিপ্রস্তর দেখিয়ে বলেন, ‘এইটা দেইখা মানুষে কয়—আর কত!’পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ জকিগঞ্জ পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ১১ বছর পেরিয়ে গেলেও পৌরভবন নির্মাণের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। স্থানীয়দের ভাষ্য, পৌর ভবনের এ ভিত্তিপ্রস্তর ‘ভিত্তিহীন’!১৯৯৯ সালের ১ সেপ্টেম্বর জকিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয়। এ সময় একজন পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি ছোট্ট ভবন ভাড়া করে পৌরসভা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ২০০৬ সালের ১৩ মার্চ পৌরসভার প্রথম নির্বাচন হয়। কাউন্সিলর ও পৌর প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, পৌর ভবন না হওয়ায় সমস্যা ধীরে ধীরে মারাত্মক আকার ধারণ করছে। কক্ষ সংকটের পাশাপাশি জরুরি কাগজপত্র ও আসবাবপত্র পর্যন্ত রাখা যাচ্ছে না। মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের বসার ব্যবস্থা নেই।পৌরভবন না থাকায় এত সমস্যা অথচ পৌরভবন নির্মাণের কোনো উদ্যোগ নেই-এ প্রশ্নের জবাবে পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ‘মাইজকান্দি এলাকার একজন ব্যক্তি পৌরভবন নির্মাণের জন্য ২৮ শতক জায়গা দিয়েছিলেন। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুযায়ী ৫০ শতক জায়গার প্রয়োজন। ইতিমধ্যে আরও ২২ শতক জায়গা অধিগ্রহণের জন্য স্থানীয় মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অধিগ্রহণের কাজ শেষ হলে ভবন নির্মাণের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।’খেতের মধ্যে ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাধারণ মানুষের কিছু ক্রিয়া-প্রতিক্রিয়া ছিল। তবে এখন সেই প্রতিক্রিয়া পৌর কর্তৃপক্ষের ওপর বর্তাচ্ছে। পাশের বাসিন্দা ইসমত মিয়া বলেন, ‘ইটা পৌরসভার বে-খেয়াল অবস্থার নজির! ই-ফিরা ইলেকশনও যেই খাড়াইবা (ভোটে দাঁড়ানো) এইটা নিয়া মাত অইব। দেখউকা-ই-পর্যন্ত একটা খুঁটিও বইছে না।’বর্তমান মেয়র ইকবাল আহমদ এবারও নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, ভিত্তিপ্রস্তর নিয়ে ভোটারদের মধ্যে প্রশ্ন উঠবেই। রাজনৈতিক অবস্থান বিবেচনা করে তাঁর করার কিছু ছিল না জানিয়ে মেয়র প্রথম আলোকে বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ে যেমন—মন্ত্রী-মিনিস্টার কেউ না থাকায় অনেক ক্ষেত্রে বরাদ্দ পাইনি। ফলে বড় বড় সমস্যার সমাধান হয়নি। বরাদ্দ না পাওয়ায় পৌর ভবন হয়নি।’ভিত্তিপ্রস্তর নিয়ে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে নানা প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে। সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপির একাংশের সভাপতি বদরুল হক বলেন, ‘চেষ্টা ছিল না বলে ভিত্তিপ্রস্তর ঠাঁয় পড়ে আছে। আমার চেষ্টা থাকবে সামগ্রিক উন্নয়নের।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদউদ্দিন বলেন, ‘আমি পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলাম। সে হিসেবে ভিত্তিপ্রস্তরটা হয়েছে আমাদের চেষ্টায়। এখন ভোটারেরা চাইলে পৌর ভবনের ভিত্তিটা আমাদের হাতেই হবে।’পৌরসভা বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক কাওছার রশিদ বলেন, ‘পৌর ভবন যত তাড়াতাড়ি হবে পৌরবাসীর মঙ্গল হবে তত দ্রুত। তাই নির্বাচনকে সামনে রেখে সচেতন ভোটারেরা প্রার্থীদের কাছ থেকে এই প্রতিশ্রুতিই চাইবেন।’