'ভিন্নমত ধ্বংসের জন্য গণহত্যা চালানো হয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্সের সভাপতি ড্যানিয়েল ফিয়েরস্টেইন বলেছেন, সমাজে ভিন্নমত থাকাটা সমস্যা নয়। নানা ধরনের মত থাকা সমাজের বহুত্ববাদীর পরিচয় বহন করে, এটা মানুষকে সমৃদ্ধ করে। কিন্তু তা ধ্বংস করে সবকিছু একরকম করে ফেলার জন্য গণহত্যা চালানো হয়।
‘সামাজিক চর্চা হিসেবে গণহত্যা’ শীর্ষক এক বক্তৃতায় গতকাল বুধবার ফিয়েরস্টেইন এসব কথা বলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ এ বক্তৃতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ বক্তৃতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান একনায়ক হিটলার ও তাঁর দল নাৎসি পার্টির ইহুদিনিধন কর্মসূচির উদাহরণ দিয়ে ফিয়েরস্টেইন বলেন, যেকোনো বৈপ্লবিক আন্দোলনে ইহুদিরা উচ্চ সংখ্যায় অংশগ্রহণ করে। নাৎসি পার্টির ইহুদিনিধন কর্মসূচি হাতে নেওয়ার এটা অন্যতম কারণ।
এক প্রশ্নের জবাবে ফিয়েরস্টেইন বলেন, শুধু একনায়কতন্ত্রেই নয়, গণতান্ত্রিক রাষ্ট্রেও গণহত্যা চালানোর অনেক উদাহরণ আছে। আর গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার এমন একটি সন্ত্রাসী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করে, যারা ভিন্নমত নির্মূল করে অভিন্ন সমাজ গঠন করতে চায়। সরকার নিজের দায় ওই সন্ত্রাসী গোষ্ঠীর ওপর চাপায়।
ড্যানিয়েল ফিয়েরস্টেইন আর্জেন্টিনার ট্রেস ডি ফেব্রেরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক। জেনোসাইড অ্যাজ সোশাল প্রাকটিস তাঁর লেখা উল্লেখযোগ্য বই।
বিভিন্ন দেশে রাজনৈতিক দল ও সংগঠনের যথেচ্ছভাবে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহারের সমালোচনা করেন ফিয়েরস্টেইন। তিনি বলেন, গণহত্যা কোনো জাদুকরি শব্দ নয় যে যেভাবে খুশি সেভাবে এটি ব্যবহার করা যাবে। গণহত্যার পেছনে দীর্ঘ পরিকল্পনা ও উদ্দেশ্য থাকে, যার দীর্ঘমেয়াদি ফলাফলও রয়েছে। গণহত্যা হচ্ছে অপরাধের সবচেয়ে নৃশংসতম পর্যায়। তাই রাজনৈতিক সুবিধার জন্য ইচ্ছামতো যেকোনো হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে চালানো উচিত নয়।
ফিয়েরস্টেইন তাঁর বক্তৃতায় আর্জেন্টিনা, কম্বোডিয়া ও বাংলাদেশে গণহত্যা এবং এর বিচারিক প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা করেন। প্রায় এক ঘণ্টার বক্তৃতা শেষে তিনি নানা প্রশ্নের জবাব দেন। এ সময় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও অপরাধবিজ্ঞান বিভাগের সভাপতি জিয়া রহমান উপস্থিত ছিলেন।
পরে ফিয়েরস্টেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আর্জেন্টিনার ট্রেস ডি ফেব্রেরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও তাঁরা মতবিনিময় করেন।