‘ভীমের জাঙ্গাল’ কাটা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হাজার বছরের পুরোনো সেই ‘ভীমের জাঙ্গাল’ কাটা বন্ধ হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন গত রোববার থেকে কয়েক দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে।গতকাল মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে ভীমের জাঙ্গালে মাটিকাটা কোনো শ্রমিককে দেখা যায়নি। কেটে ফেলা কয়েকটি তালগাছ মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এলাকায় যেন কোনো ট্রাক ঢুকতে না পারে, সে জন্য স্থানীয় লোকজন বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন। শ্যামপুর গ্রামের মোতালেব হোসেন (৪৮) জানান, তাঁর কাছ থেকে ‘জাঙ্গাল’ বা ঢিবির ২৫ শতাংশ মাটি ১৫ হাজার টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছিল। গত রোববার সেই মাটি কাটার কাজ শুরু হওয়ার কিছুক্ষণ পরই শ্রমিকেরা দ্রুত চলে যান। এরপর আর আসেননি। গ্রামের শামছুল ইসলাম (৭০) বলেন, তাঁরা জানেন না এটা ইতিহাসসমৃদ্ধ জায়গা। তাই ফসলের জমি তৈরি করার জন্য মাটি বিক্রি করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে এই মাটি কাটতে তাঁদের নিষেধ করা হয়েছে।উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকার যদি মনে করে জায়গাটি গুরুত্বপূর্ণ তবে তা অধিগ্রহণ করা উচিত। ব্যক্তিমালিকানায় থাকা সম্পত্তি সংরক্ষণ মোটেও সম্ভব নয়।’শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোকজনকে নিষেধ করে এসেছে, যাতে কেউ জাঙ্গালের মাটি না কাটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান বলেন, ‘কোনো অবস্থাতেই এখান থেকে আর এক কোদাল মাটিও কাটতে দেওয়া হবে না। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’ গত রোববার প্রথম আলোয় ‘ইটভাটায় পুড়ছে ভীমের জাঙ্গাল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।