প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেছেন, ‘ভোটার তালিকায় দুই বা তিন ঠিকানা কিংবা জন্মতারিখ রাখা ঠিক নয়। এটা রাখে ক্রিমিনালরা। যখনই জাতীয় পরিচয়পত্র করা হবে তখনই সঠিক জন্মতারিখ দিতে হবে। কোনো ভুয়া জন্মতারিখ দিয়ে ভোটার হওয়া যাবে না।’ সতর্ক করে দিয়ে সিইসি বলেন, কেউ ভুয়া জন্মতারিখ দিয়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৫ উপলক্ষে এর আয়োজন করে জেলা প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন কার্যালয়। প্রধান নির্বাচন কমিশনার ভোটার তালিকার ব্যাপারে নারীদের প্রতি বিশেষ নজর রাখারও তাগিদ দেন। নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার জামালউদ্দীন আহমদ, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন।