'ভুয়া মুক্তিযোদ্ধা' কর্মকর্তাদের শাস্তি দাবি
‘ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিলকারী’ সচিব ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বৃহস্পতিবার সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকন যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তাঁরা বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দাখিলের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বাস্থ্যসচিব পদত্যাগ করেছেন। আরও অনেক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিলের অভিযোগ উত্থাপিত হয়েছে। সমিতি মনে করে, স্বাস্থ্যসচিবসহ সরকারের কয়েকজন সচিব ও কতিপয় সরকারি কর্মকর্তা ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দাখিল করে মহান স্বাধীনতার চেতনাকে কলঙ্কিত করেছেন এবং দেশের সব মুক্তিযোদ্ধাকে অসম্মানিত করেছেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অবিলম্বে জাল সনদধারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে গ্রেপ্তারের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।