'ভুল চিকিৎসায়' দুই প্রসূতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভুল চিকিৎসায় শাহনাজ খাতুন (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে রোগীর স্বজনেরা ওই হাসপাতালে ভাঙচুর চালায়। এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শাপলা ক্লিনিকে ভুল চিকিৎসায় খুশি খাতুন (২৬) নামের আরেকজন প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার খুশির স্বামী বাদী হয়ে দুজন চিকিৎসক ও ক্লিনিকের পাঁচ পরিচালকের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন।  নিহত শাহনাজের স্বামী মন্টু জোয়ার্দার জানান, তাঁর স্ত্রীকে শনিবার বিকেলে জেলা শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলেসন্তানের জন্ম দেন শাহনাজ। রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের একজন সেবিকা শাহনাজের শরীরে একটি ইনজেকশন দেন। এর পরপরই তাঁর মৃত্যু হয়। এদিকে শাহনাজের মৃত্যুর খবর পেয়ে তাঁর স্বজনেরা হাসপাতালে ছুটে আসে। তারা হাসপাতালে ব্যপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের সেবিকা আফরিন খাতুন ও গুদামরক্ষক (স্টোরকিপার) বিল্লাল হোসেনকে আটক করে। পরে ওই দিন রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়ে হাসপাতালটি সিলগালা করে দেন। বালিয়াকান্দির বকচর গ্রামের শোয়েব আলীর স্ত্রী খুশিকে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকের সামনে অবস্থিত শাপলা ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে মেয়েশিশুর জন্ম দেন খুশি। স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবেদনবিদ তাঁর অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষ হওয়ার ১০ মিনিট পর চিকিৎসক খুশিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা বলেন। ফরিদপুরে নেওয়ার প্রস্তুতির সময় খুশি মারা যান। এরপর ভুল চিকিৎসার অভিযোগ এনে খুশির স্বামী শোয়েব ওই দুই চিকিৎসক এবং ক্লিনিকের পাঁচ পরিচালকের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেন।

শাপলা ক্লিনিকের মালিক মামুন দাবি করেন, অস্ত্রোপচার ঠিকভাবেই হয়েছে। কিন্তু শ্বাসকষ্ট থাকায় রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসক আবদুর রহমানের মুঠোফোনের বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) রহিম বকস জানান, অভিযোগ পাওয়ার পর ময়নাতদন্তের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।