'ভুল চিকিৎসা'য় মৃত্যু হাসপাতাল সিলগালা
কুমিল্লার দেবীদ্বারে গত সোমবার রাতে ‘দেবীদ্বার মেডিকেল সেন্টারে’ ভুল চিকিৎসায় উপজেলা যুবদলের সদস্য মো. ইউনুস সরকারের (৪২) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক চিকিৎসক ও এক কর্মচারীকে আটক করা হয়েছে। খবর পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে যান। তিনি নানা অনিয়ম ও নোংরা পরিবেশের কারণে হাসপাতালটি সিলগালা করে দেন। একই সঙ্গে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য মো. ইউনুছ সরকারের পিত্তথলিতে পাথর ছিল। সোমবার সন্ধ্যা সাতটায় তিনি ওই হাসপাতালে ভর্তি হন। রাত ১০টায় পাথর অপসারণে তাঁর শরীরে অস্ত্রোপচার শুরু হয়। রাত ১২টা পর্যন্ত তাঁর চেতনা ফিরে না এলে চিকিৎসক ও হাসপাতালের মালিক অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময়ে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদুজ্জামান তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে ওই চিকিৎসক ও ওয়ার্ডবয় রাসেল আহমেদকে আটক করে।