গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে চট্টগ্রামে মানববন্ধন
'ভুল বুঝিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে'

বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প নিয়ে ভুল বুঝিয়ে মানুষকে উত্তেজিত করা হয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তিনি বলেন, কিছু না বুঝে মানুষকে উত্তেজিত করে প্রকল্প বাস্তবায়নে বাধা দিলে তা ন্যায়সংগত হবে না।
গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন মহিউদ্দিন চৌধুরী। ‘চট্টগ্রামের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচিতে প্রায় ৪০০-৫০০ মানুষ অংশ নেন।
সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘বাঁশখালীতে কয়লা দিয়ে একটি বিদ্যুৎকেন্দ্র হবে। আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল, এতে দেশের বিদ্যুৎ-সংকট নিরসন হবে। জনগণও বিদ্যুৎ চায়। বিদ্যুৎ পেতে হলে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়। চারজন মানুষের মৃত্যুর ঘটনায় আমরা দুঃখিত।’ তিনি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র নিয়ে যাঁরা এখনো উত্তেজনা সৃষ্টি করছেন, অনুগ্রহ করে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সুরাহা করেন।’
সমাবেশে অন্য বক্তারা অভিযোগ করেন, একটি মহল নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দুই বছর ধরে এই প্রকল্পের জন্য জায়গা কেনা হচ্ছে। তখন কিছু হয়নি। কিন্তু এখন কেন সেখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে? গণ্ডামারা এলাকার নিরীহ লোকদের ভুল বুঝিয়ে ও উসকানি দিয়ে আন্দোলনে নামানো হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দিতে হবে। যাঁরা এই প্রকল্পের বিরোধিতা করছেন, তাঁরা নিজেদের আখের গোছানোর জন্যই বিরোধিতা করছেন।
কর্মসূচিতে অংশ নেওয়া লোকজনের হাতে ‘সর্বস্তরের বাঁশখালীবাসী’, ‘হাটহাজারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ’, ‘বাঁশখালী নাগরিক ঐক্য ফোরাম’, ‘আনোয়ারার সর্বস্তরের জনসাধারণ’ ‘পটিয়ার সর্বস্তরের জনসাধারণ’ শীর্ষক ব্যানার ছিল। আওয়ামী মৎস্যজীবী লীগের দক্ষিণ ও উত্তর চট্টগ্রাম জেলা, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ব্যানারেও অনেকে অংশ নেন।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষে দুই ভাইসহ চারজন নিহত হন।