‘ভুল হয়েছে ক্ষমা করে দিন’
কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজিচালিত অটোরিকশা ভর্তি ভারতীয় ফেনসিডিলসহ তিন পাচারকারীকে আটকের পর পুলিশের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানার এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ গতকাল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার নবগ্রাম এলাকায় নম্বরবিহীন একটি অটোরিকশা আটক করে। পুলিশ দুটি বস্তায় ভর্তি ৫০০ বোতল ফেনসিডিল, অটোরিকশার চালক উপজেলার কালিকাপুর ইউনিয়নের কিং ছুপুয়া গ্রামের হারেছ মিয়া (৪০) ও বাতিসা এলাকার দুই চোরাকারবারীসহ তিনজনকে আটক করে। পরে আটক করাদের মধ্যে বাতিসার দুজনকে ৩৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া অফবিট হোটেলসংলগ্ন জনৈক পান দোকানি এসআই জাহাঙ্গীরকে ৩৫ হাজার টাকা দিয়ে চালক হারেছ মিয়া ও সিএনজিটি ছাড়িয়ে নেন। টাকা পরিশোধ সাপেক্ষে গাড়িটি ফেরত দেওয়া হবে মর্মে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ওই পান দোকানির জিম্মায় হোটেল অফবিটের সম্মুখে গাড়িটি পড়ে থাকতে দেখা যায়। এ বিষয়ে এসআই জাহাঙ্গীরের দুটি মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন দুটি বন্ধ পাওয়া যায়। পরে বক্তব্য জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টির খবর নিচ্ছি। পরে জানাব।’ এর কিছুক্ষণ পর এসআই জাহাঙ্গীর নিজেই এ প্রতিবেদকের মুঠোফোনে ফোন করে বলেন, ‘ভুল হয়েছে এবারের মতো ক্ষমা করে দেন। ভবিষ্যতে আর ভুল করব না।’ প্রসঙ্গত, এসআই জাহাঙ্গীর আলম বিরুদ্ধে থানায় যোগদানের পর থেকে সীমান্তবর্তী এলাকার বেশ কটি মাদকের চালান ও পাচারকারীকে আটক করে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে।