'ভুল' সীমানাখুঁটিতে সংকীর্ণ তুরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানুয়ারি: ভুল জায়গায় সীমানাখুঁটি বসানোর কারণে তুরাগ নদের প্রশস্ততা কমে গেছে। সংকুচিত হয়ে পড়া তুরাগের দুই পাড়ের সীমানাখুঁটি দৃশ্যমান। গত ২৪ জানুয়ারি তোলা ছবি
জানুয়ারি: ভুল জায়গায় সীমানাখুঁটি বসানোর কারণে তুরাগ নদের প্রশস্ততা কমে গেছে। সংকুচিত হয়ে পড়া তুরাগের দুই পাড়ের সীমানাখুঁটি দৃশ্যমান। গত ২৪ জানুয়ারি তোলা ছবি

৬৫ বছর বয়সী আজমল হোসেন মিরপুর মাজার রোডের পুরোনো বাসিন্দা। সম্প্রতি তুরাগ নদের হাল দেখতে গিয়ে সিন্নিরটেকে তাঁর সঙ্গে দেখা। আলাপ-পরিচয়ের পর জানা গেল, দশম শ্রেণিতে পড়ার সময় আজমল ও তাঁর দুরন্ত বন্ধুরা নাকি হামেশাই হার মানতেন বাজি রেখে সুপ্রশস্ত তুরাগ পার হতে গিয়ে। নদের টলটলে পানি পান করতেন তৃষ্ণা পেলে। দীর্ঘশ্বাস ফেলে এই প্রবীণ বললেন, তাঁদের চোখের সামনেই ধীরে ধীরে সেই তুরাগ পরিণত হয়েছে এক মুমূর্ষু জলধারায়।
এখন তুরাগের অবস্থা এমনই যে, দখলদারের থাবা থেকে বাঁচাতে খুঁটি দিয়ে এর সীমানা ঠিক করার নির্দেশ দিতে হয়েছে আদালতকে৷ কিন্তু এসব খুঁটি হয়ে উঠেছে হিতে বিপরীত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বলছে, ভুল জায়গায় খুঁটি বসানোর কারণে নদের প্রশস্ততা কমে গেছে৷ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হিসাব অনুযায়ী, এ কারণে পাঁচ কোটি বর্গফুটের বেশি জায়গা নদের বাইরে পড়ে গেছে৷ বিআইডব্লিউটিএ বলছে, এর পরিমাণ আরও বেশি হতে পারে।
নদ না খাল?: রূপনগর থানার অদূরে সিন্নিরটেক এলাকা ঘুরে দেখা যায়, সীমানাখঁুটির কারণে নদের দুই পাড়ের দূরত্ব কোথাও কোথাও ১০০ ফুটের নিচে চলে এসেছে। বিআইডব্লিউটিএর তথ্য অনুযায়ী, সিন্নিরটেক ল্যািন্ডং স্টেশনের ৩০০ গজ পশ্চিমে দুই পাড়ের দূরত্ব মাত্র ৯৮ ফুট, বিরুলিয়া বাসস্ট্যান্ডের কাছে তা ৯৯ ফুট। প্রশস্ততা সবচেয়ে বেশি যেখানে সেই আশুলিয়ায়ও তা ২০০ ফুটের বেশি নয়। অথচ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হিসাবে ২০০৯ সালেও এখানে প্রস্থ ছিল ৪০০ থেকে ৬০০ ফুট। সর্বশেষ অবস্থা দেখতে গত বৃহস্পতিবার তুরাগ তীরে গেলে দেখা যায়, বর্ষার কয়েক দিনের বৃষ্টির প্রভাবেই নদের পানি বেড়ে বেশির ভাগ খুঁটি পানিতে তলিয়ে গেছে। বিআইডব্লিউটিএ বলছে, তুরাগের প্রকৃত রূপ এটাই৷
খুঁটিতে বাধা নদ: জেলা প্রশাসন ও ভূমি জরিপ অধিদপ্তরের জরিপের ভিত্তিতে ২০১০ সালের মাঝামাঝি তুরাগ নদে সীমানাখুঁটি বসানোর কাজ শুরু হয়। ঢাকার আমিনবাজার-আশুলিয়া অংশে প্রায় সাড়ে সাত হাজার এবং গাজীপুর জেলার অংশে ৮০০ খুঁটি বসানো হয়। খরচ হয় প্রায় আট কোটি টাকা। দায়িত্বশীল সূত্র জানায়, খুঁটি বসানোর সময় হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে মানা হয়নি। হাইকোর্ট ২০০৯ সালের ২৫ জুন সিএস জরিপ অনুসারে নদের পাড় দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিলেন। তবে পরে সিএস ও আরএস জরিপ অনুসারে স্থাপনা অপসারণ এবং খুঁটি বসানোর নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশ ছিল নদকে এর তলা (বেড), ঢাল (ফোর শোর) ও ১৫০ ফুট প্রস্থ পাড় (ব্যাঙ্ক) মিলে একটি একক সত্তা হিসেবে রাখতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর অর্থ নদের ঢালের ১৫০ ফুট দূরে সীমানাখুঁটি বসাতে হবে। তুরাগ নদের দুই তীরে কিছুটা ঘুরে খালি চোখেই বোঝা যায়, হাইকোর্টের নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানা হয়নি৷ সরেজমিন ঘুরে বাপার তৈরি করা একটি প্রতিবেদনেও এর সমর্থন মেলে৷

জুন: তুরাগ নদের এই দৃশ্য জুন মাসের। বর্ষার শুরুতেই পানি বাড়ায় নদের বিস্তৃতি সীমানাখুঁটি ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এর প্রকৃত রূপও ভেসে উেঠছে। দুটি ছবি বিরুলিয়া এলাকা থেকে তোলা l হাসান রাজা
জুন: তুরাগ নদের এই দৃশ্য জুন মাসের। বর্ষার শুরুতেই পানি বাড়ায় নদের বিস্তৃতি সীমানাখুঁটি ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এর প্রকৃত রূপও ভেসে উেঠছে। দুটি ছবি বিরুলিয়া এলাকা থেকে তোলা l হাসান রাজা

খুঁটি নিয়ে বিরোধ: গত বছরের জানুয়ারিতে রাজধানী ও আশপাশের নদীগুলো নিয়ে এক আন্তসংস্থা সভায় জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধিদের মধ্যে বিতর্ক বাধে। জেলা প্রশাসন অভিযোগ করে, বিআইডব্লিউটিএর ‘বেপরোয়া’ খননে প্রায় ২০০ সীমানাখুঁটি হারিয়ে গেছে। বিআইডব্লিউটিএর বক্তব্য: খুঁটি হারিয়ে থাকলে তা হয়েছে নদীর মধ্যে স্থাপনের কারণেই৷ সংস্থাটির একটি সূত্র জানায়, সাভার বড়কাকর ও দেউল মৌজায় স্থাপিত আরও ৫০টির মতো খুঁটি নদীগর্ভে চলে গেছে৷
সীমানাখুঁটি স্থাপন করেছে গণপূর্ত অধিদপ্তরের জরিপ বিভাগ। জানতে চাইলে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘যেভাবে সীমানা চিহ্নিত করা হয়েছে, সেভাবেই কাজ করতে হয়েছে। আমাদের নিজে থেকে করার কিছু নেই।’
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. খন্দকার শামছুদ্দোহা কয়েক দিন আগে প্রথম আলোকে বলেন, ভুলভাবে সীমানাখঁুটি দেওয়ায় নদের অনেক জায়গা বেহাত হয়ে যাচ্ছে, যা ধারণার চেয়েও অনেক বেশি। তিনি বলেন, বিআইডব্লিউটিএর একেবারে দোষ নেই বলা যাবে না। কিন্তু জরিপকাজসহ বিভিন্ন কাজে ভুল করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন বলেন, তাঁদের জরিপ অনুযায়ী ভুলভাবে খঁুটি বসানোর কারণে নদের এক হাজার ১৯৮ একর বা পাঁচ কোটি ২৩ লাখ বর্গফুট অংশ বেহাত হয়েছে। বাপা এ বিষয়ে গত বছরের মে মাসে নদীবিষয়ক জাতীয় টাস্কফোর্সের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর তারা একটি কমিটি গঠন করে। কমিটি সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল৷ আবদুল মতিন জানান, বাপার ১০ সদস্যের একটি দল ২০১৩ সালের ৩ মে জরিপটি চালায়৷
কয়েকজন বড় দখলদার: বিআইডব্লিউটিএ সম্প্রতি তুরাগ নদের দখলদারদের একটি তালিকা করেছে। সে অনুযায়ী রূপনগরের দ্বিগুণে প্রায় ৮০ হাজার বর্গফুট নদীতীর ভরাট করেছে বিরুলিয়া ব্রিকস নামের একটি প্রতিষ্ঠান। বিশিল এলাকায় ১৪ নম্বর সীমানাখুঁটির কাছে নয় হাজার ১০০ বর্গফুট জায়গা ভরাট করেছেন দিয়াবাড়ি এলাকার মো. টিটু। একই এলাকার হাসমত মিয়া ভরাট করেছেন ১২ হাজার বর্গফুট। মো. আফজাল নামের এক ব্যক্তি দিয়াবাড়ি নরবাগে ৮ নম্বর খুঁটির কাছে দুটি স্থানে ১২ হাজার বর্গফুট করে মোট ২৪ হাজার বর্গফুট জায়গা ভরাট করেছেন। নবাবেরবাগে ৪৬ ও ৪৯ নম্বর খঁুটির কাছে দখল হয়েছে ২১ হাজার ১০০ বর্গফুট। নাহারবাগে ৪৩ নম্বর খুঁটির কাছে দিলু মিয়া ভরাট করেছেন তিন হাজার বর্গফুট। ৪২ নম্বর খুঁটির কাছে আমজাদ মিয়া ভরাট করেছেন চার হাজার ৮০০ বর্গফুট জায়গা। একই এলাকায় মনপুরা রেস্তোরাঁ নামে ১০টি স্থাপনা রয়েছে। ৮৯ নম্বর খুঁটির কাছে ১০ হাজার বর্গফুট জায়গায় বালুর গদি করা হয়েছে। ৩৫ নম্বর খুঁটির কাছে ১৪ হাজার বর্গফুট জায়গায় আরেকটি গদি হয়েছে। গোড়ান চটবাড়ি এলাকায় তৈরি হয়েছে রূপকথা রেস্তোরাঁ৷ একই এলাকায় সাত হাজার ৫০০ বর্গফুট জমিতে হয়েছে আরেকটি বালুর গদি। হয়েছে গাঙচিল নামের রেস্তোরাঁ৷ একইভাবে দ্বিগুণের আবদুল কাদের, মো. আরফান ও আতিকুল্লাহ পাঁচ হাজার বর্গফুট করে জায়গা দখল করে বালুর গদি করেছেন।
তালিকা অনুযায়ী কয়েকজন ‘দখলদারের’ সঙ্গে যোগাযোগ করা হয়। মো. আফজাল ও টিটু মিয়া বলেন, তাঁরা এককালীন এক লাখ টাকা এবং মাসিক ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে বালুর ব্যবসা করছেন। কার কাছ থেকে ভাড়া নিয়েছেন জানতে চাইলে তাঁরা নাম বলতে রাজি হননি। আফজাল বলেন, বিআইডব্লিউটিএ যদি উচ্ছেদে আসে, তাঁরা জায়গা ছেড়ে দেবেন। হাসমত মিয়াসহ তালিকাভুক্ত আরও কয়েকজন দাবি করেছেন, তাঁরা নদীর জায়গা দখল করেননি। পৈতৃক জমিতেই ব্যবসা করছেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. সাইফুল ইসলাম বলেন, ‘নদীর জায়গা কারও পৈতৃক সম্পত্তি হতে পারে না। পরিবেশ অধিদপ্তরের সহায়তায় কিছুদিন আগে বেড়িবাঁধের কাছে অভিযান চালিয়ে ৪৭ থেকে ৫৫ নম্বর খুঁটির মাঝামাঝি অ্যাগ্রোভিটা লিমিটেডের দুটি পাকা ভবন, টিনের ঘর ও দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। ওই কোম্পানি ৪৫ হাজার বর্গফুট জায়গা দখল করেছিল। পর্যায়ক্রমে বাকি দখলদারদেরও উচ্ছেদ করা হবে।’