চিকিৎসা-সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত বাগেরহাট শহরের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছেন। পচা ও বাসি খাবার পরিবেশন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ফেনীর সোনাগাজীতে আটটি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: বাগেরহাট: বাগেরহাট সদরের ইউএনও মো. শফিকুল ইসলাম ও র্যাব-৬-এর সহকারী পুলিশ সুপার কাজী মোহম্মদ শোয়েব জানান, গতকাল মঙ্গলবার শহরের স্বাধীনতা উদ্যানসংলগ্ন রেড ক্রিসেন্ট ভবনের দ্বিতীয় তলায় আবদুল হালিম একটি ভুয়া চিকিৎসা কেন্দ্র খুলেছিলেন। অভিযানকারীদের তিনি কোনো চিকিৎসক-সনদ বা তাঁর প্রতিষ্ঠানের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক দেবরাজ সাহা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।তবে আবদুল হালিম দাবি করেন, তিনি কোনো অপরাধ করেননি। তিনি চিকিৎসক নন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত টেকনেশিয়ান। চীনা চিকিৎসাপদ্ধতি আকুপাংচারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে তাঁর মতো আরও অনেকে চিকিৎসা দিয়ে আসছেন। তাঁর বাড়ি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ গ্রামে। এ ছাড়া বাসি ও পচা মিষ্টি রাখায় বাগেরহাট বাজারের সাতক্ষীরা মিষ্টান্ন ভাণ্ডার ও মালঞ্চ মিষ্টান্ন ভাণ্ডার এবং বিএসটিআইর অনুমোদন না থাকায় ‘জয় পিওর ড্রিংকিং ওয়াটার’ কারখানাকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া বাগেরহাট শহরের দুধ বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২০০ কেজি গরুর দুধ উদ্ধার করা হয়। পানি ও ফরমালিন মিশ্রিত সন্দেহে ওই দুধ ভৈরব নদে ফেলে দেওয়া হয়েছে।সোনাগাজী (ফেনী): অস্বাস্থ্যকর উপাদান দিয়ে খাদ্য তৈরি ও বাসি খাবার পরিবেশন করায় গত সোমবার বক্তারমুন্সির হক বেকারিকে ১৫ হাজার, সোনাগাজী পৌরসভার শহিদ উল্যাহর হোটেলকে পাঁচ হাজার, তুহিনের ইফতারির দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ও পচা খাবার রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত নূর করিমের মুদি দোকান থেকে পাঁচ হাজার, ওমর ফারুকের হোটেল থেকে এক হাজার, নুরুজ্জামানের দোকান থেকে এক হাজার, নূরনবী সততা স্টোর থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন। বৈধ কাগজপত্র না থাকায় আদালত সিএনজিচালিত একটি অটোরিকশার চালককে ৫০০ টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম গালিভ খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুলতান মাহমুদ, সোনাগাজী থানার এএসআই শওকত হোসেন উপস্থিত ছিলেন।