'ভূতের আছরে' শিকলবন্দী শিশু

‘ভূতে’ ধরেছে মনে করে ছয় বছর শিশুটির চিকিৎসা করাননি বাবা-মা। ‘ঝাড়ফুঁক’ দিয়ে ভূত তাড়ানোর চেষ্টা করেছেন। বাবা-মা কাজের জন্য ঘরের বাইরে যাওয়ার সময় শিশুটিকে শিকল দিয়ে বেঁধে রেখে যেতেন। তাঁদের ভয় ছিল বেঁধে রাখা না হলে ‘ভূতের আছরের’ কারণে সে হয়তো অন্য কোথাও চলে যাবে। আট বছর বয়সী এই শিশুর গত ছয় বছর এভাবেই কেটেছে।

এক মানবাধিকারকর্মী বিষয়টি জানতে পেরে বাবা-মাকে বুঝিয়ে শিশুটিকে গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
চট্টগ্রাম নগরের ষোলশহর গ্রিন ভিউ আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখে একটি খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হতো শিশুটিকে। পাশের বস্তিতে তারা থাকে। বাবা সাইদুল ইসলাম রিকশা চালান। মা মোরেজা বেগম গৃহকর্মীর কাজ করেন।
সাইদুল ইসলাম বলেন, ‘দুই বছর বয়স থেকে খেয়াল করলাম সে কথা বলতে পারে না। মাঝেমাঝে খিঁচুনি উঠত। সবাই বলল জিন-ভূতে ধরেছে। অনেক ঝাড়ফুঁক করেছি। আমরা সকালে কাজ করতে যাই। তাকে দেখবে কে? তাই শিকল দিয়ে বেঁধে রাখতাম।’
চমেক হাসপাতালের মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান মহীউদ্দিন এ শিকদার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার পর প্রথম আলোকে বলেন, মেয়েটির মানসিক সমস্যা রয়েছে। মৃগীরোগও আছে।
শিশুটির বাবা বলেন, ‘এত দিন বুঝিনি। এখন ডাক্তারের কথায় বুঝতে পারছি মেয়ে ভালো হবে। কোনো জিন ভূতে ধরেনি। শিকল আর পরাব না।’
শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান মানবাধিকারকর্মী আমিনুল ইসলাম। তিনি বলেন, শিশুটির চিকিৎসায় তাদের সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশন পাশে থাকবে।