'ভূত' আতঙ্কে পোশাক কারখানা সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘ভূত’ আতঙ্কে শ্রমিকেরা না আসায় রপ্তানিমুখী একটি পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার বরপা এলাকার অন্তিম নিটিং ডাইং অ্যান্ড কম্পোজিট পোশাক কারখানার মালিকপক্ষ ওই ঘোষণা দেয়।

এর আগে বিশৃঙ্খলা ও পোশাক কারখানায় ক্ষতিসাধনের অভিযোগে গত শুক্রবার রাতে ১৩২ জনের নাম উল্লেখ করে কারখানার মানবসম্পদ কর্মকর্তা এম দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। এরপর পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ইয়াছিন মিয়া (২৬), ইয়ার হোসেন (২৫), লালন মিয়া (২৮), জুম্মন (২৫) ও হাছিনুর রহমান হাছান (২৭)।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন বলেন, পোশাক কারখানায় বিভিন্ন অনিয়মের অভিযোগে এক মাস আগে কারখানার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জাহাঙ্গীর হোসেন ও নাদির হোসেনকে চাকরিচ্যুত করা হয়। এরপর চাকরিচ্যুতদের অনুসারী শ্রমিকেরা পোশাক কারখানায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।

এসআই গিয়াস উদ্দিন আরও বলেন, এক সপ্তাহ আগে শৌচাগারে গিয়ে দুই নারী শ্রমিক আঘাত পান। পরে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিলে তাঁরা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু জাহাঙ্গীর হোসেন ও নাদির হোসেনের অনুসারীরা ওই ঘটনায় ‘ভূত’ আতঙ্কের গুজব ছড়ান। এরপর থেকে শ্রমিকেরা আতঙ্কে কারখানায় প্রবেশ করতে চাইতেন না। গতকাল সকালেও শ্রমিকেরা পোশাক কারখানায় ঢোকেননি। বাধ্য হয়ে মালিকপক্ষ দুপুরে সাময়িকভাবে কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টাঙিয়ে দেয়।