'ভূমি অফিসে সিসি ক্যামেরা বসানো হবে'
গ্রাহক ভোগান্তি কমাতে সারা দেশের ভূমি অফিসগুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ রোববার দুপুরে নগরের বাকলিয়া ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কীভাবে গ্রাহক হয়রানি কমাবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সারা দেশের ভূমি অফিসগুলোতে সিসি টিভি বসানোর চিন্তাভাবনা করছি। এর ফলে আমরা মন্ত্রণালয়ে বসে দেশের বিভিন্ন ভূমি অফিসগুলো নজরদারি করব। দেখব অফিসগুলোতে কাদের আনাগোনা। কারা কারা অনিয়ম করছে। এর মাধ্যমে একেবারে গ্রাম পর্যায়ের ভূমি অফিসও তদারকি করা যাবে।’
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এ-সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এ প্রকল্পের কাজ এগোচ্ছে। শিগগিরই এটি কার্যকর হবে। আরও চমক আসবে ইনশা আল্লাহ।’
এর আগে প্রতিমন্ত্রী সকালে হাটহাজারীর চিকনদণ্ডী ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেন। সেখানে তিনি গ্রাহকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিভিন্ন ফাইলপত্র ঘেঁটে দেখেন। অফিসের পাশের চায়ের দোকানে দালালদের আড্ডা কি না, তা জানতে চান প্রতিমন্ত্রী।
চিকনদণ্ডী থেকে দুপুরের দিকে তিনি নগরের বাকলিয়া ভূমি অফিসে যান। সেখানেও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে অনেক জায়গা থেকে অভিযোগ আসছে। সে জন্য আমি পরিদর্শন অব্যাহত রেখেছি। কারা কারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিষয়ে খোঁজখবর রাখছি।’
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘নগরের বাইরের ভূমি অফিসও পরিদর্শন করছি। পরিবর্তন হয়েছে। গুণগত পরিবর্তন যে একেবারে হয়নি তা নয়। তবে পরিবর্তন মানুষের আশানুরূপ হয়েছে তা নয়। তিন বছর আগে যে অবস্থা ছিল, সে অবস্থা থেকে পরিবর্তন হয়েছে। আরও পরিবর্তন আনতে হবে।’
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘সন্তোষজনক মানে আমি ক্লিন সনদ দিয়ে দিলাম তা নয়। আরও উন্নতি দরকার আছে। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি বরদাশত করব না। তহশিলদারদের নিয়ে যথেষ্ট অভিযোগ আছে। তহশিলদারদের আজকে এখান থেকেই হুঁশিয়ারি করে দিয়ে বলছি, আপনারা ভালো হয়ে যান। আপনাদের জন্য কোনো দুর্নাম সরকার নেবে না।’
উল্লেখ্য, গ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্য পর্যবেক্ষণে এক সপ্তাহের মাথায় আবারও আকস্মিক ভূমি অফিস পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী। এর আগে ৫ ফেব্রুয়ারি তিনি নগরের চান্দগাঁও ও আগ্রাবাদ ভূমি অফিস পরিদর্শন করেন।