‘ভূমি নেই’ খাসি ও ত্রিপুরাদের
ভূমি সমস্যার সমাধানে মৌলভীবাজারের আদিবাসী খাসি (খাসিয়া) ও ত্রিপুরা (টিপরা) জনগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের মতো সমতলে ভূমি কমিশন চেয়েছে। কমিশনের মাধ্যমে আদিবাসীদের প্রকৃত ভূমির মালিকানা নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। যুগ যুগ ধরে জমিতে বাস ও চাষাবাদ করে এলেও ভূমির ওপর তাঁদের কোনো অধিকার নেই বলে জানালেন আদিবাসী নেতারা।বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলায় ছোটবড় ৬৫টি পানপুঞ্জিতে আদিবাসী খাসিয়ারা বাস করেন। বেসরকারি সংস্থা শেড সূত্রে জানা গেছে, দেশে মোট পানপুঞ্জির সংখ্যা ৮৫টি। খাসিয়ারা মূলত পান চাষের ওপর নির্ভরশীল। জানা গেছে, উত্তরাধিকার সূত্রে খাসিয়ারা বনভূমির বাসিন্দা। অনেকদিন ধরে খাসিয়া আদিবাসীরা ভূমি সমস্যায় ভুগছেন। সহজ-সরল আদিবাসীরা নানারকম হয়রানিমূলক মামলা-মোকদ্দমায় জড়িয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ত্রিপুরা কল্যাণ সংসদ সূত্রে জানা গেছে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর ১৬টি গ্রাম রয়েছে। এর মধ্যে দুই জেলায় আটটি করে গ্রাম রয়েছে। ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন বনের মধ্যে লেবু, আনারস, কাঁঠালসহ বিভিন্ন ধরনের ফল ও সবজির চাষ করে জীবিকা নির্বাহ করেন। ত্রিপুরা নেতারা জানিয়েছেন, মাত্র চারটি ত্রিপুরা গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে। বাকি ১২টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রাম থেকে প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব আট থেকে দশ কিলোমিটার। ১৬টি গ্রামে প্রায় ছয় হাজার ত্রিপুরা আদিবাসী বাস করছেন। বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব জিডিশন প্রধান সুচিয়াং বলেন, ‘সমতলের আদিবাসীদের জন্য একটি ভূমি কমিশন করা হোক। এতে প্রকৃত ভূমির মালিক কারা, সেটা নিশ্চিত হওয়া যাবে।’ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ও বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কার্যকরী কমিটির সদস্য জনক দেব বর্মণ বলেন, ‘অনেক সমস্যা আমাদের। এর মধ্যে ভূমির সমস্যাই প্রধান। ১৬টি গ্রামের মধ্যে ১২টি ত্রিপুরা গ্রামে জমির মালিকানা নেই। এরা ফরেস্ট ভিলেইজার হিসেবে বাস করছে। জমির মালিকানা না থাকায় এসব গ্রামে কোনো স্কুল নেই।’