‘ভূমি সমস্যা নিয়ে কমিশনে এসে আলোচনা করুন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘কমিশনে এসে সমস্যা নিয়ে আলোচনা করুন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কমিশন কোনো রাজনীতির জায়গা নয়।’ গতকাল বুধবার খাগড়াছড়ি টাউন হলে আয়োজিত ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি কমিশনের সদস্যদের প্রতি তিনি এই আহ্বান জানান। যৌথ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক গিয়াস উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের আইন, ক্ষমতা, কার্যপরিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ও ব্যাখ্যা দেন। তিনি বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে বেশি ভূমিবিরোধ রয়েছে খাগড়াছড়ি জেলায়। পার্বত্য অঞ্চলে দুর্বল ভূমি ব্যবস্থাপনার কারণে এই সমস্যা জটিল আকার ধারণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভূমি জরিপ হলে এই সমস্যা অনেকাংশেই সমাধান হয়ে যাবে।ভূমি কমিশন থেকে জানানো হয়েছে, ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কমিশন থেকে যে দরখাস্ত দাখিলের আহ্বান জানানো হয়েছে, তার প্রচারের অংশ হিসেবে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে। যৌথসভায় বক্তব্য দেন পুলিশ সুপার আমীর জাফর, খাগড়াছড়ির পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার হোসেন, হেডম্যান সাবুরাম রোয়াজা, মহালছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিউল আরিফ, দীঘিনালার ইউএনও মনিরুজ্জামান প্রমুখ।সভা শুরুর আগে ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে আবারও টাউন হলে এসে শেষ হয়।