'ভূমিদস্যু' জয়নালকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিল অবৈধভাবে দখলের চেষ্টায় লিপ্ত নিট কনসার্নের মালিক ‘ভূমিদস্যু’ জয়নাল আবেদীন মোল্লা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জের ৫২টি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক, শিশু-কিশোর সংগঠনের নেতারা।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে তাঁরা অভিযোগ করেন, ভূমিদস্যু জয়নাল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরেই ৭০০ কোটি টাকা মূল্যের নিউ লক্ষ্মীনারায়ণ মিলটি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা মিলের বর্তমান ক্ষুদ্র অংশীদারদের নানাভাবে নির্যাতন করছেন। ভয়ভীতি দেখিয়ে জোর করে নামমাত্র মূল্যে শেয়ার কিনে নিচ্ছেন। যাঁরা বিক্রি করতে চাইছেন না, তাঁদের ওপর নেমে আসছে নির্যাতনের খড়্গ। প্রশাসন এ ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এ অবস্থায় দ্রুত জয়নাল আবেদীন ও তাঁর ভাই মনির হোসেনসহ সব অপরাধীর গ্রেপ্তারের দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে সই করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক হিমাংশু সাহা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, উদীচীর জেলা সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদক জহিরুল ইসলাম, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক অঞ্জন দাস প্রমুখ।