‘ভূমিবিরোধ নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা রাখতে হবে’
দেশের বিভিন্ন স্থানে ভূমি নিয়ে নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে। ভূমিবিরোধকে কেন্দ্র করে সংঘটিত সমস্যা সমাধানে পুলিশ কর্মকর্তারা ইতিবাচক ভূমিকা নিলে জনদুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। বরিশালে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণে’ এসব কথা বলেন পুলিশ কর্মকর্তারা।গতকাল শনিবার সকাল ১০টায় নগরের পুলিশ লাইন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন বরিশাল বিভাগের উপবিভাগীয় পুলিশ পরিদর্শক মো. আবদুর রহিম। তিনি বলেন, ভূমিবিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যার সমাধানে এবং এ-সংক্রান্ত জনগণের দুর্ভোগ কমানোর বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপপুলিশ পরিদর্শকদের যথেষ্ট ভূমিকা রাখতে হবে। সাধারণ মানুষ যাতে ভূমি নিয়ে কোনো ধরনের জটিলতায় না পড়ে, সে জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।বরিশালের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুস সালাম, জিপি (সরকারি কৌঁসুলি) কে বি এস আহাম্মদ কবির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মো. আবদুল মোতালেব প্রমুখ।প্রশিক্ষণে বরিশাল, ভোলা, পটুয়াখালী জেলার ২৫ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন।