'ভেজালকারীদের সঙ্গে কোনো আপস নয়'
খাবার ও ওষুধে ভেজাল দেওয়া ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
বিশ্ব মান দিবস উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম নগরের কাজীর দেউরি এলাকার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রশাসনের কর্মকর্তারা এ কথা বলেন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চট্টগ্রাম কার্যালয় এ সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অষ্টাদশ শতকের শেষ দিকে ও উনিশ শতকের প্রথম দিকে সারা বিশ্বে পণ্যের আদর্শ মান নির্ধারণের বিষয়টি অনুভূত হয়। ব্রিটেনে পণ্যের মান নির্ধারণের সূচনা ঘটে। বর্তমানে বিশ্বের সব দেশেই পণ্যের মান নির্ধারণের জন্য সংস্থা আছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বাজারে থাকা অনেক ওষুধে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে না। অনেক ওষুধের প্যাকেটের গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ঠিকানা পর্যন্ত লেখা থাকে না। অনেক ক্ষেত্রে আটা-ময়দা দিয়েও ওষুধ তৈরি করা হচ্ছে। এসব ওষুধ জব্দ করতে চট্টগ্রামে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, ‘আমরা ব্যাপকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। ওষুধ ও খাদ্যে ভেজাল দেওয়া ব্যক্তি এবং কালোবাজারীদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।’
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাহবুবুল আলম বিএসটিআইয়ের চট্টগ্রাম কার্যালয়ের জনবল-সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের পরিচালক মাহফুজুল হক শাহ।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় আনসার-ভিডিপির চট্টগ্রাম রেঞ্জের উপপরিচালক এস এম আজিম উদ্দিন বলেন, পণ্যের ভেজাল রোধ করতে হলে বিএসটিআইকে ঢেলে সাজানোর প্রয়োজন।