'ভেজাল' সার ১৫ দিন পরই হয়ে গেল ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগারে নমুনা পরীক্ষায় ভেজাল ও নিম্নমানের বলে প্রত্যয়ন করা সার ১৫ দিন পরই একই গবেষণাগারে পরীক্ষায় ‘ভালো’ মানের বলা হচ্ছে। এতে করে চোরাইপথে আসা এই বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের সার নিলামের মাধ্যমে ১১টি শুল্কগুদাম থেকে সারা দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

হিলি শুল্কগুদাম সূত্রে জানা গেছে, ভারত থেকে বিভিন্ন পথে বাংলাদেশে পাচারের সময় ধরা পড়া প্রায় তিন হাজার ৪৯৫ মেট্রিক টন সার বর্তমানে দেশের ১১টি শুল্ক গুদামে রয়েছে।

গুদামগুলো হচ্ছে—হিলি, লালমনিরহাট, মোগলহাটি, পাটগ্রাম, নেকমরদ, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর ও রংপুর। দিনাজপুরের বাংলাহিলি শুল্কগুদাম কর্মকর্তা পরীক্ষার জন্য গুদামগুলো থেকে সংগৃহীত সারের ২৯টি নমুনা গত ১৮ আগস্ট রাজশাহীর শ্যামপুরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগারে পাঠান। তাঁদের চিঠির স্মারক নম্বর ছিল ৫২। এই নমুনার মধ্যে ১৫টি ছিল এমওপি (পটাশ), তিনটি করে এসএসপি, টিএসপি (ফসপেট) ও ডিএপি এবং পাঁচটি ইউরিয়া। ইনস্টিটিউটের ৭৪৯২ থেকে ৭৫২০ নম্বর গবেষণাগারে নমুনাগুলো পরীক্ষা করে গত বছর ২৮ আগস্ট প্রতিবেদন পাঠানো হয়।

এই প্রতিবেদনে ১১টি নমুনা ভালো মানের এবং ১৮টিকে ভেজাল ও নিম্নমানের হিসেবে উল্লেখ করা হয়। এর মধ্যে ১৫টিই ছিল পটাশ সার। এই প্রতিবেদন পাঠানোর ১৫ দিনের মাথায় গত ১২ সেপ্টেম্বর তাঁরা একই নমুনার ওপর আবার একটি প্রতিবেদন পাঠান। এতে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আবু তাওয়াব খন্দকার এই প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। এতে আগেরবারের ভেজাল ও নিম্নমানের পটাশ সারের ১৫টি নমুনাকেই ‘ইহা একটি ভালো মানের সার’ বলে মন্তব্য করা হয়েছে।

এমনকি প্রথমবার লালমনিরহাটের এমওপি (পটাশ) সারের যে নমুনাটিকে ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ১৭ (২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল এমওপি সার’ বলে মন্তব্য করা হয়েছিল। পরের প্রতিবেদনে ‘ইহা একটি ভালো মানের এমওপি সার’ বলে মন্তব্য করা হয়েছে।

প্রথমবারও এই নমুনাটি ৭৪৯২ নম্বর গবেষণাগারে পরীক্ষা করা হয়েছিল, পরেরবারও একই গবেষণাগারে তা পরীক্ষা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

গবেষণাগারে পরীক্ষায় এই সারের প্রমিতমান ধরা হয় ৬০ শতাংশ। প্রথমবারের পরীক্ষায় এই ১৫টি পটাশ সারের মান ছিল ৪০ থেকে ৫১ শতাংশের মধ্যে। পরেরবার ১৩টিকেই পূর্ণমান ৬০ শতাংশ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রংপুরের একজন ক্ষুব্ধ ব্যবসায়ী গত ২০ সেপ্টেম্বর সার পরীক্ষার ফলাফলে অনিয়ম প্রসঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। এতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী এই সারগুলো কেনার জন্য শুল্কগুদাম কর্তৃপক্ষের কাছে ও মৃত্তিকা পরীক্ষা কার্যালয়ে তৎপর রয়েছেন। এরই ধারাবাহিকতায় একই গবেষণাগারে নিম্নমানের সারকে ভালো মানের সার হিসেবে দেখানো হয়েছে। টাকার বিনিময়ে শুল্কগুদাম কর্মকর্তা ও মৃত্তিকা পরীক্ষা কার্যালয়ের যোগসাজশে ভেজাল সারকে ভালো হিসেবে দেখানো হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এই সার বাজারে বিক্রি হলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন।

গত সোমবার রাজশাহীর শ্যামপুরে মৃত্তিকাসম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের গবেষণাগারে গিয়ে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আবু তাওয়াব খন্দকারকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়।

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আইয়ুবুর রহমান পরীক্ষাগুলো করেছেন। প্রথমবার তাঁর ভুল হয়েছিল। পরেরবার তাঁর পরীক্ষাতেই সারগুলো ভালো বলে প্রতীয়মান হয়েছে।

ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আইয়ুবুর রহমান এ সময় কার্যালয়ে ছিলেন না। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে সেখানকার একজন কর্মকর্তা বলেছেন, সারগুলো ব্যবহার উপযোগী কি না, তা যাচাইয়ের জন্য দিনাজপুর জেলা প্রশাসক গতকাল বৃহস্পতিবার আবারও পরীক্ষার জন্য সারের নমুনা চেয়েছেন। একজন সহকারী কমিশনারকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে।