‘ভেজাল’ সালামের আত্মসমর্পণ
রাজশাহীর বাগমারায় ভর্তুকির সারে ভেজাল মেশানোর ঘটনায় অভিযুক্ত আবদুস সালাম ওরফে ভেজাল সালাম আদালতে আত্মসমর্পণ করেছেন। গত রোববার বিকেলে তিনি আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত রোববার বিকেলে সালাম রাজশাহী মুখ্য বিচারিক হাকিম আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন তাঁকে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আদালত রিমান্ডের শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করেছেন। অভিযোগ রয়েছে, উপজেলার তাহেরপুর বাজারের ব্যবসায়ী সারের ডিলার আবদুস সালাম বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা (চাকরিচ্যুত) শেখ মোহাম্মদ আলমগীরের সহযোগিতায় ভর্তুকির সারে ভেজাল মেশান। গত ৯ জুলাই পুলিশ তাঁর গুদামে সারে ভেজাল মেশানোর সময় কৃষি অফিসের ঝাড়ুদারসহ তাঁর দোকানের দুই কর্মচারীকে গ্রেপ্তার করে। পরে ১১ জুলাই এক পত্রের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় সালামের ডিলারশিপ বাতিল করে এবং কৃষি কর্মকর্তা শেখ আলমগীরকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালককেও চাকরিচ্যুত করা হয়।