বেলা সাড়ে ১১টা। যশোরের নওয়াপাড়া পৌরসভার গাজীপুর রওফিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র প্রাঙ্গণে ভোটারদের দীর্ঘ সারি। ভোট কেমন হচ্ছে—এ প্রশ্ন করতেই একজন ভোটার ভোটকক্ষের দিকে দেখিয়ে বললেন, ‘বাইরে কথা না বলে ভেতরে গিয়ে দেখেন কিরাম ভোট হচ্ছে।’
ভোটকক্ষের ভেতরে তাকিয়ে দেখা গেল, ব্যালট বাক্সের সামনে একজন দাঁড়ানো। ভোটাররা মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের তিনটি ব্যালট পেপার নিয়ে মেয়র পদপ্রার্থীদের ব্যালটে সবার সামনে দাঁড়িয়েই নৌকা প্রতীকে ভোট দিচ্ছেন। বাকি দুটি ব্যালটে ভোট দিচ্ছেন পর্দার আড়ালে গিয়ে। এখানে নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের সুশান্ত কুমার রায়। একজন ভোটার নৌকায় ভোট দিতে অস্বীকৃতি জানালে পাশ থেকে একজন বললেন, ‘না দিলে খবর আছে। তাড়াতাড়ি ভোট দিয়ে ভাগ।’
১ নম্বর সাভারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভোট দেখতে যেতে চাইলে পুলিশ প্রথমে বাধা দেয়। পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে ঢুকে দেখা গেল, আওয়ামী লীগের কর্মীরা ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ফেলছেন। ছবি তুলতে গেলে পুলিশ সদস্যরা এসে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন, কেন্দ্র ছাড়তে বলেন।
যশোর সদর পৌরসভার সরকারি এমএম কলেজ কেন্দ্রে সকাল ৯টা ২২ মিনিটে গিয়ে দেখা যায়, বুথে ব্যালট বইয়ে পাতা নেই। ভোটাররা ভোট না দিয়ে ফিরে যাচ্ছেন। ৭ নম্বর বুথের পোলিং কর্মকর্তা আবদুল বারি বলেন, ‘ব্যালট বইয়ের ১০০ পাতা শেষ। প্রিসাইডিং কর্মকর্তা পাতা আনতে গেছেন।’ প্রিসাইডিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রথম ঘণ্টায় ৫০ শতাংশ ভোট পড়েছে।’
ভোট দিতে না পারা খড়কি দক্ষিণপাড়ার বাসিন্দা সুফিয়া খাতুন বলেন, ‘সকাল আটটায় লাইনে দাঁড়াই। বুথে গেলে বলে দিল, ভোট দেওয়া হয়ে গেছে।’ একই কথা বলেন বামুনপাড়ার রিজিয়া খাতুন। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের এক কর্মকর্তা বলেন, ‘সকালে ১২-১৩ জন এসে ব্যালট পেপার কেটে নৌকায় সিল মেরে বাক্স ভরে দিয়ে গেছে।’
সকাল ১০টা ৩২ মিনিটে নতুন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ১০ নম্বর বুথে গিয়ে দেখা যায়, খালি কোনো ব্যালট পেপার নেই। কেন্দ্রের সামনে ভোটারদের লাইনও নেই। ভোট গ্রহণ কর্মকর্তারা অলস বসে আছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ বুথে ৩৫০ জন ভোটারের তালিকা রয়েছে। ৩৫০টি ব্যালট পেপার দেওয়া হয়েছে। প্রথম দুই ঘণ্টায় ৩০০ ব্যালট শেষ হয়েছে।
এ কেন্দ্রে ভোট দিতে আসা আওয়ামী লীগ-সমর্থক কাউন্সিলর পদপ্রার্থী হাফিজুর রহমান অভিযোগ করেন, ‘পুলিশের সহায়তায় ৮-১০ জন সন্ত্রাসী ব্যালট পেপার কেটে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভরে দিয়েছে।’
এসব দৃশ্য ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকার তিন সাংবাদিক তিন দফায় আক্রমণের শিকার হন।
দুপুর সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাবে ব্রিফিং করে ১৯টি কেন্দ্রের ভোটের ফল স্থগিত করার দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম। তাঁর অভিযোগ, গত মঙ্গলবার রাতেই এসব কেন্দ্রের ৬০ শতাংশ ব্যালট পেপার বাক্সে ফেলে রাখা হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এস এম কামরুজ্জামানও ব্রিফিং করে ২০টি কেন্দ্রের ফল স্থগিত করার দাবি জানান।
সকালে যশোর পৌরসভার পাঁচটি কেন্দ্রে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
নওয়াপাড়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক হোসেন ও বিএনপির প্রার্থী রবিউল হোসেন দুপুরেই নির্বাচন কার্যালয়ে গিয়ে জাল ভোট দেওয়া এবং ভোটকেন্দ্র থেকে তাঁদের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন। তাঁরা ৩০টি কেন্দ্রের মধ্যে ২৮টিতে আবার ভোট নেওয়ার দাবি জানান।
তবে আওয়ামী লীগের প্রার্থী সুশান্ত কুমার দাস বলেন, ‘ব্যাপক উত্সাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণ পরিবেশে সবাই ভোট দিচ্ছেন। প্রার্থীদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’ জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মেদ বলেন, ‘মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। দু-একটি কেন্দ্রে অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
বেলা একটার দিকে মনিরামপুর পৌরসভার প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থক দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।