'ভেতরে “গ্যাঞ্জাম” হচ্ছে, দুইটার পর আসেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল সোয়া আটটা। নারিন্দার দক্ষিণ মৈশুন্ডি বালিকা বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার জন্য গলির ভেতর প্রবেশ করতেই দেখা গেল, সরকার-সমর্থক মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন ও ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী সারোয়ার হাসানের ছবি ও প্রতীকসংবলিত ব্যাজ পরে অসংখ্য যুবক দাঁড়িয়ে আছে। সংবাদপত্রের ব্যানার টানানো সিএনজিচালিত অটোরিকশা দেখেই কয়েকজন যুবক এগিয়ে এসে বলতে শুরু করে, ‘ওই দিকে যাওয়া যাবে না।’
পরে সেখান থেকে পাশের নারিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন ভোটারের উপস্থিত। তবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর এজেন্ট ছাড়া কাউকে দেখা যায়নি। কেন্দ্রের আঙিনায় তখন আওয়ামী লীগ-সমর্থক মেয়র ও ওয়ার্ড কাউন্সিল প্রার্থীর কর্মী-সমর্থকেরা মহড়া দিচ্ছে। ১০টার পর থেকে সেখানে কোনো ভোটারকে দেখা যায়নি। বেলা পৌনে ১১টার দিকে এই কেন্দ্রের দোতলায় উঠেই দেখা গেল একটি ভোট গ্রহণ কক্ষের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। নিচতলায় গিয়ে দেখা যায়, প্রিসাইডিং কর্মকর্তাও অসহায়ভাবে বসে আছেন। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফটকে এসে দেখা গেল, কয়েকজন ভোটার ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন। আবুল কালাম নামের এক বয়স্ক ব্যক্তি জানান, তিনি তাঁর স্ত্রীসহ পরিবারের চারজন সদস্যকে নিয়ে ভোট দিতে এসে জানতে পারেন, তাঁদের ভোট দেওয়া হয়ে গেছে।
পাশের ফকির চান সরদার কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা যায়, সাঈদ খোকন ও সারোয়ার হাসানের বাইরে আর কোনো প্রার্থীর এজেন্ট নেই। কিছুক্ষণ পর আবারও মৈশুন্ডি বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের জন্য গেলে ফটকের সামনেই সাঈদ খোকন ও সারোয়ার হাসানের প্রতীকসংবলিত ব্যাজ পরা কয়েকজন যুবক ভোটারদের বাধা দিয়ে বলছিল, ‘এখন যাওয়া যাবে না, ভেতরে “গ্যাঞ্জাম” হচ্ছে। দুইটার পর আসেন।’
আরেক দফায় সেখানে গিয়ে একই দৃশ্য দেখা যায়। এ সময় টি-শার্ট পরা এক যুবক, যার নেতৃত্বে ভোটারদের বাধা দেওয়া হচ্ছিল, সে হঠাৎ করেই এই প্রতিবেদককে জাপটে ধরে এবং পাশের গলির ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে। এ সময় তার সঙ্গী ছিল আরও দুই-তিন যুবক। একপর্যায়ে এই প্রতিবেদকের সঙ্গে থাকা নির্বাচন কমিশনের কার্ড, প্রথম আলোর পরিচয়পত্র, মানিব্যাগ, ডায়েরিসহ সব কাগজপত্র ছিনিয়ে নেয় যুবকেরা। শেষে এই প্রতিবেদকের মানিব্যাগ থেকে এক হাজার টাকা রেখে দিয়ে টি-শার্ট পরা যুবক বলছিল, ‘এটা জরিমানা।’ তখন তারা ডায়েরিও রেখে দিয়ে দ্রুত এলাকা ছাড়ার হুমকি দিতে থাকে। পরে দেখা যায়, মুঠোফোনে তোলা সব ছবি মুছে দিয়েছে তারা।