‘ভেষজ ক্রিমে’ পারদ, কারখানা সিলগালা, একজনের কারাদণ্ড
‘আলু, গাজর, ডাবের পানি, বেড়েলা, তুলসী, অ্যালোভেরা, শসা, নিম, চন্দনসহ ১০৫ রকমের ভেষজ উপাদানে তৈরি লতা হারবালের স্কিন ব্রাইট ক্রিম। এর ব্যবহারে ত্বক হবে ফরসা, মসৃণ, লাবণ্যময় ও রেশমকোমল।’ লতা হারবাল (বিডি) লি. নামে একটি প্রতিষ্ঠানের কথিত রং ফরসাকারী ক্রিমের মোড়কে লেখা রয়েছে এ কথা। তবে বাংলাদেশ আণবিক শক্তি কেন্দ্রে এই ক্রিমের নমুনা পরীক্ষা করে বিপজ্জনক মাত্রায় পারদ পাওয়া গেছে।প্রসাধনীতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পারদ ব্যবহারের অভিযোগে গত সোমবার রাতে গাজীপুরের মাজুখান এলাকায় লতা হারবালের কারখানা সিলগালা করে বন্ধ করে দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি শাফিজুল ইসলামকে (৩৭) দুই বছরের কারাদণ্ড ও আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানার মূল মালিক শাফিজুলের বড় ভাই আইয়ুব আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে গত ১৭ নভেম্বর একই অভিযোগে কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বোটানিক এ্যারোমার কারখানা সিলগালা করে দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বোটানিকের মালিক আসাদুজ্জামান, তাঁর স্ত্রী ফেরদৌসী আক্তারসহ তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।র্যাবের ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, অভিযানের আগে বাজার থেকে লতা হারবালের ক্রিমের নমুনা সংগ্রহ করে আণবিক শক্তি কেন্দ্রের গবেষণাগারে পরীক্ষা করা হলে তাতে বিপজ্জনক মাত্রায় পারদ পাওয়া যায়। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকেরা তাঁদের বলেছেন, পারদ ত্বকে ফাঙ্গাস সংক্রমণ, এর স্বাভাবিক রং নষ্টসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। পরিপাকতন্ত্র, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রেও বিষক্রিয়ার সৃষ্টি করে পদার্থটি। র্যাব-১-এর সহযোগিতায় পরিচালিত এই অভিযানে সরকারি মাননিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিএসটিআইয়ের প্রতিনিধিরাও ছিলেন।