'ভোট চাইলাইন নাম তো কইলাইন না'
ধানের শীষ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক। আপনারা সেই প্রতীকে ভোট দেবেন। এভাবেই বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা ওসমান ফারুক। ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী বললেন, তিনি জানেন না এখানে বিএনপির প্রার্থী কে। জানার প্রয়োজনও নেই। শুধু ধানের শীষে ভোট দিলেই চলবে।
গত সোমবার রাত আটটায় ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নতুন বাজার এলাকায় এক পথসভায় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের দুই নেতা মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান। তাঁদের ভোট চাওয়ার এ কায়দা দেখে চণ্ডীপাশা এলাকার ভোটার আবদুল হাই বললেন, ‘তাঁরা (নেতৃবৃন্দ) ভোট চাইলাইন, কিন্তু মেয়র প্রার্থী কেডা তাঁর নাম কইলাইন না। এইডা কী রহম চাওয়া অইলো।’
পথসভা শেষ হওয়ার কিছুক্ষণ পর ওসমান ফারুক তাঁর গাড়ি নিয়ে বিএনপির প্রার্থী এ এফ এম আজিজুল ইসলামের বাড়িতে যান। সেখানে উপস্থিত চারজন দলীয় সমর্থক বলেন, পথসভায় ওসমান ফারুকের বক্তব্যের সময় ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীর নাম উল্লেখ না করায় কর্মীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এরপর ওসমান ফারুক দুঃখ প্রকাশ করলে কর্মীরা শান্ত হন। তবে কেন তিনি প্রার্থীর নাম নিতে পারেননি এ বিষয়ে তাঁর পর্যবেক্ষণ কেন্দ্রীয় বিএনপিকে জানাবেন বলে প্রার্থীকে জানিয়েছেন।